কারাকাসে শ্যাভেজের সমর্থনে সমাবেশের ডাক

আপডেট : ০৮ জানুয়ারি ২০১৩, ২০:০৪
ভেনিজুয়েলার কর্তৃপক্ষ বৃহস্পতিবার শ্যাভেজের সমর্থকদের এক সমাবেশে যোগ দেয়ার আহবান জানিয়েছে। অস্ত্রোপচারের পর শ্যাভেজ এখন কিউবার একটি হাসপাতালে অবস্থান করছেন। চতুর্থবারের মত সরকার গঠনের আগে শপথ নেয়ার কথা থাকলেও অসুস্থতার জন্য তিনি তা করতে পারেননি। ভেনিজুয়েলার তথ্যমন্ত্রী আর্নেস্টো ভিলেগাস জানিয়েছেন প্রেসিডেন্টের অবস্থা অপরিবর্তিত আছে। ফুসফুসের সংক্রমণের কারণে তিনি শ্বাসকষ্টে ভুগছেনে। খবর বিবিসি ও সিনহুয়ার। ন্যাশনাল এসেম্বলির স্পিকার দিওসডাডো ক্যাবেলো বলেছেন, অনেক দেশের রাষ্ট্রপ্রধানরা শ্যাভেজের প্রতি তাদের সমর্থন জানানোর জন্য কারাকাসের সমাবেশে মিলিত হবেন। শপথ ছাড়া নতুন সরকার গঠনের ব্যাপারে ক্যাথলিক চার্চ তাদের প্রতিক্রিয়ায় বলেছে মন্ত্রী পরিষদ সংবিধান লংঘনের ঝুঁকি নিচ্ছে। বিরোধী দলগুলো বিক্ষোভের ডাক দিয়েছে। তারা বলছে ১০ জানুয়ারির মধ্যে শ্যাভেজ শপথ না নিতে পারলে ৩০দিনের মধ্যে নতুন নির্বাচন দিতে হবে। ১৯৯৯ সাল থেকে ক্ষমতায় থাকা ৫৮ বছর বয়সী শ্যাভেজকে গত মাসের অস্ত্রোপচারের পর থেকে আর জনসম্মুখে দেখা যায়নি। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে তিনি ফুসফুসের সংক্রমণের কারণে শারীরিক জটিলতায় ভুগছেন। গত সোমবার দেশটির তথ্যমন্ত্রী জানিয়েছেন, শ্যাভেজের অবস্থার আর অবনতি ঘটেনি। বিরোধী দলগুলোকে ভেনিজুয়েলার স্পিকার সতর্ক করে দিয়ে বলেছেন দেশকে অস্থিতিশীল করার যেকোন প্রচেষ্টা নস্যাত্ করে দেয়া হবে। ১০ জানুয়ারি বিশাল সমাবেশ অনুষ্ঠিত হবে। সারা দেশ থেকে মানুষ এসে কারাকাসে প্রেসিডেন্ট প্রাসাদের সামনে জড়ো হবে।