পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানের উত্তর-পশ্চিমে উপজাতি অধ্যুষিত এলাকার দুটি স্থানে মার্কিন ড্রোন বিমান হামলায় কমপক্ষে সাতজন নিহত হয়েছে। মঙ্গলবার ভোরের দিকে এ ঘটনা ঘটে। নিরাপত্তা কর্মকর্তারা এ খবর জানান।
সূত্র জানায়, ওইদিন উত্তর ওয়াজিরিস্তানের মির আলি এলাকার খিদেরখাল ও ইসেখেল নামক স্থানে মার্কিন ড্রোন থেকে একঘন্টার ব্যবধানে ১০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। প্রথম স্থানটিতে একটি ভবনকে লক্ষ্য করে হামলা চালানো হয়। এতে ঘটানস্থলেই চারজন নিহত হয়। এরপর অপর স্থানটিতে ড্রোন হামলা চালানো হলে আরো তিনজন নিহত হয়। তবে এ ঘটনায় তাত্ক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। ড্রোন হামলার এ ঘটনাটি এমন এক সময়ে ঘটলো ঠিক এর একদিন আগে অবসরপ্রাপ্ত মার্কিন জেনারেল এবং আফগানিস্তানে ইসাফের সাবেক প্রধান (অপারেশন) স্ট্যানলি ম্যাকক্রিস্টাল বলেছিলেন যে, এ ধরনের হামলা এ অঞ্চলে মার্কিন পররাষ্ট্র নীতির লক্ষ্যকে ক্ষতিগ্রস্ত করবে। তিনি বলেন, ড্রোন হয়তো মার্কিন সৈন্য দলকে তাদের লক্ষ্য বাস্তবায়নে সাহায্য করছে, কিন্তু এটিকে সারা বিশ্বে ঘৃনার চোখে দেখে।
উল্লেখ্য, এর আগে মার্কিন ড্রোন হামলায় তালেবান কমান্ডার মোল্লা নাজিরসহ ১৭ জন নিহত হয়েছিলেন। এছাড়া তালেবানের আত্মঘাতী দলের প্রধান তুফান মেহসুদও সামপ্রতিক হামলায় মারা যান।
