সাদুল্লাপুরে একটি স্কুলের প্রধান শিক্ষকের পদ নিয়ে শিক্ষকদের দুই গ্রুপে সোমবার সংঘর্ষ হয়। এতে ২ শিক্ষকসহ ১২ জন আহত হয়েছে। এ সময় বিদ্যালয়ের দরজা-জানালাও ভাংচুর করা হয়।
পুলিশ ও এলাকাবাসী জানান, উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের বুজরুক জামালপুর উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটি গঠন করাকে কেন্দ্র করে সম্প্রতি সভাপতি প্রধান শিক্ষক শহীদুল ইসলামকে বরখাস্ত করেন। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসাবে ঐ বিদ্যালয়ে সহকারী শিক্ষক জাহিদুল ইসলামকে দায়িত্ব দেয়া হয়। কিন্তু দুপুরে শতাধিক ছাত্রছাত্রী মিছিল করে প্রধান শিক্ষক শহীদুল ইসলামকে বিদ্যালয়ে নিয়ে আসেন। এতে সহকারী শিক্ষক জাহিদুল ইসলামের সাথে প্রধান শিক্ষকের তর্কবিতর্ক শুরু হয়। এক পর্যায়ে সহকারী শিক্ষক জাহিদুল ইসলামের ভাড়াটিয়া লোকজন প্রধান শিক্ষক শহীদুল ইসলামকে আক্রমণ করে মারপিট করে। এতে প্রধান শিক্ষকসহ কমপক্ষে ১২ জন আহত হয়।
