চট্টগ্রাম-১২ উপ-নির্বাচন

স্বতন্ত্র জালালউদ্দিনকে প্রতিযোগিতার সুযোগ দিতে হাইকোর্টের নির্দেশ

আপডেট : ০৮ জানুয়ারি ২০১৩, ২০:৪০
চট্টগ্রাম-১২ আসনের উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী জালালউদ্দিন আহমেদকে নির্বাচনে অংশগ্রহণ ও প্রতীক বরাদ্দ দিতে নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। জালালউদ্দিনের প্রার্থিতা বাতিল করে নির্বাচন কমিশনের দেয়া আদেশের কার্যকারিতা তিন মাসের জন্য স্থগিত করা হয়েছে। ওই প্রার্থিতা বাতিলের আদেশ কেন বে-আইনি ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে আদালত। এক রিটের শুনানি শেষে বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদের ডিভিশন বেঞ্চ সোমবার এ আদেশ দেয়। নির্বাচন কমিশন হাইকোর্টের এই আদেশের বিরুদ্ধে আপিল করার সিদ্ধান্ত নিয়েছে। স্বতন্ত্র প্রার্থী হিসেবে ২০ ডিসেম্বর চট্টগ্রামের নির্বাচন কমিশনে জালালউদ্দিন আহমেদ মনোনয়নপত্র জমা দেন। শর্ত পূরণ না হওয়ায় চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ২৩ ডিসেম্বর তার মনোনয়নপত্র বাতিল করেন। এর বিরুদ্ধে তিনি নির্বাচন কমিশনের আপিল ট্রাইব্যুনালে আপিল করেন। ২৭ ডিসেম্বর আপিল ট্রাইব্যুনাল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার আদেশ বহাল রাখে। এর বিরুদ্ধে তিনি হাইকোর্টে ২ জানুয়ারি রিট করেন। আবেদনকারীর পক্ষে ব্যারিস্টার রফিক-উল-হক ও এডভোকেট জাফরউল্লাহ চৌধুরী ও রাষ্ট্রপক্ষে ডেপুটি এটর্নি জেনারেল মোকলেসুর রহমান শুনানি করেন।