১০ লাখ টাকা মুক্তিপণের দাবিতে অপহূত শিশু মারুফার (৩) লাশ ১২ দিন পর সোমবার গাজীপুরের কাপাসিয়া থেকে পুলিশ উদ্ধার করেছে। গত ২৬ ডিসেম্বর নরসিংদী জেলার মনোহরদীর চংগভাঙ্গা গ্রাম থেকে মারুফাকে অপহরণ করা হয়।
জানা যায়, মনোহরদীর চংগভাঙ্গা গ্রামের আ. রহমানের মেয়ে মারুফাকে সন্ত্রাসীরা ১০ লাখ টাকা মুক্তিপণের দাবিতে অপহরণ করে। মারুফার পিতা এব্যাপারে মনোহরদী থানায় অপরহণ ও নারী-শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। সোমবার উপজেলাধীন সনমানিয়া ইউনিয়নের দক্ষিণগাঁও গ্রামের ইকবাল সরকারের লেবু বাগানের পাশে পুরাতন ব্রহ্মপুত্র নদের তীরে কাদায় একটি শিশুর লাশ পড়ে থাকতে দেখে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান থানায় খবর দেন। থানার উপ পুলিশ পরিদর্শক মনিরুজ্জামান শিশুটির লাশ উদ্ধার করে। পরে শিশুটির পিতা ও আত্মীয়রা এসে লাশ শনাক্ত করে। মনোহরদী থানা পুলিশ ঘটনায় জড়িত ও মামলার এজাহার নামীয় আসামি বাদল ও তার স্ত্রী মুনমুনকে গ্রেফতার করেছে।
