শেরপুর সরকারি কলেজের ছাত্রী উদ্ধার এবং অপহরণকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সোমবার বিকালে অপহূত কলেজ ছাত্রীর বাসভবনে পরিবারের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করা হয়। সম্মেলনে অপহূত কলেজ ছাত্রীর বাবা হানিফ উদ্দিন লিখিত বক্তব্য পাঠ করেন। এ সময় অপহূতা কলেজ ছাত্রীর মা শাহনাজ পারভিন স্বপ্না কান্নায় ভেঙ্গে পড়েন। তিনি তার মেয়েকে উদ্ধার এবং এ ঘটনার সঙ্গে জড়িতদের শাস্তি দাবি করেন।
লিখিত বক্তব্যে বলা হয়, মূল আসামি জয়নাল আবেদীন এর আগেও অন্য একটি মামলায় অপহরণকারী হিসেবে অভিযুক্ত। অর্থ ও পেশীশক্তির মাধ্যমে ঐ মামলা শেষ করা হয়। এই অপহরণকারীর কবল থেকে আমার মেয়েকে উদ্ধারের জন্য শেরপুরে সর্বস্তরের মানুষ মানববন্ধনের মাধ্যমে গত ৩ জানুয়ারি দাবি জানালেও আজ পর্যন্ত আমার মেয়ের খোঁজ পাওয়া যায়নি। উপরন্তু অপহরণকারীরা অজ্ঞাত স্থান থেকে বিভিন্নভাবে আমাদের ভয়ভীতি ও হুমকি প্রদান করে আসছে। এমতাবস্থায় আমরা পরিবারের সব সদস্য নিরাপত্তাহীনতায় ভুগছি। অপহরণের দশদিন পরও উদ্ধার না হওয়ায় অপহরণকারীরা আমার মেয়েকে হত্যা করেছে বলেও আশংকা করা হয় সাংবাদিক সম্মেলনে। সম্মেলনে পরিবারের সদস্যরা ছাড়াও এলাকাবাসী, গণ্যমান্য ব্যক্তিবর্গ, মানবাধিকার কর্মী ও সমাজসেবকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
