পাকিস্তানের ওয়ানডে অধিনায়ক মিসবাহ উল হক গত সোমবার দেশে ফিরে ভারতের বিপক্ষে সিরিজ জয়ের কৃতিত্ব দিয়েছেন পেসারদের। বিশেষ করে বাঁ-হাতি পেসার জুনায়েদ খান ও মোহাম্মদ ইরফানের প্রশংসা করেছেন তিনি। পাকিস্তান সাত বছর পর ভারত সফরে গিয়ে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জয় করে। এর আগে উভয় দেশের মধ্যকার দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি শেষ হয় ১-১ ড্রয়ে।
ভারত সফরশেষে পাকিস্তান ক্রিকেট দল গত সোমবার লাহোরের আল্লামা ইকবাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। বাইরে তখন শত শত সমর্থক জয়ধ্বনি দেয়। লাউঞ্জ থেকে খেলোয়াড়দের বেরিয়ে যাওয়ার সময় দর্শকদের অনেকে নেচে গেয়ে উষ্ণ অভ্যর্থনা জানান দলটিকে। পাকিস্তানের খেলোয়াড় ও কর্মকর্তাদের ঘিরে সমর্থকরা শ্লোগানও দিতে থাকেন।
ইরফান এবং জুনায়েদ খান মিলে ১১ উইকেট নিয়েছেন সিরিজে। এই দুইজনই ম্যাচ তিনটিতে ভারতের টপ অর্ডারকে গুঁড়িয়ে দেন। সবকটি ম্যাচে বিরাট কোহলিকে আউট করেছেন জুনায়েদ। ২০১২ সালে ৩১টি ওয়ানডে ম্যাচে ১৭৩৩ রান করা আইসিসির বর্ষসেরা খেলোয়াড় কোহলি এই সিরিজে শূন্য, ছয় এবং সাত রানে সাজঘরে ফেরেন। মিসবাহ বলেন, ‘যেভাবে তারা (ইরফান এবং খান) পারফর্ম করেছে, তাতে এদের ভবিষ্যত্ উজ্জ্বল বলেই মনে হয়। বিশ্ব সেরা ব্যাটিং লাইন আপের বিরুদ্ধে নিজেদের প্রমাণ করেছে তারা।’
মহেন্দ্র সিং ধোনির দল দিল্লিতে তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে নাটকীয়ভাবে ১০ রানে জিতে প্রথমবারের মত পাকিস্তানের কাছে হোয়াইটওয়াশ হওয়ার হাত থেকে বেঁচে যায়। ওই ম্যাচে ১৬৭ রানের মামুলি সংগ্রহ অতিক্রম করতে পারেনি পাকিস্তান।
মিসবাহ জানান, তার লক্ষ্য ছিল ভারতকে হোয়াইটওয়াশ করার। চেন্নাই ও কলকাতায় ওয়ানডে জিতে সিরিজ ২-০ ব্যবধানে নিশ্চিত হওয়া সত্ত্বেও তিনি বেঞ্চে থাকা পেসার আনোয়ার আলী এবং ওয়াহাব রিয়াজকে মাঠে নামাননি তৃতীয় ম্যাচে। মিসবাহ বলেন, ‘আমরা দিল্লির ম্যাচটি হালকাভাবে নেইনি। আমরা দৃঢ় প্রতিজ্ঞ ছিলাম তৃতীয় ম্যাচটি জয়ের ব্যাপারে। এজন্য দলে কোন পরিবর্তন আনা হয়নি। তবে অন্য দলটিকেও কৃতিত্ব দিতে হবে কারণ তারা ভাল লড়েছে।’ পাকিস্তানের নতুন ব্যাটিং তারকা নাসির জামশেদ এই সিরিজের প্রথম দুটি ওয়ানডে ম্যাচেই সেঞ্চুরি করেছিলেন (চেন্নাই ও কলকাতা)। বেসরকারি টিভি চ্যানেল জিও জানায়, বাঁ-হাতি এই ব্যাটসম্যান সিরিজ সেরা ট্রফিটি টিম হোটেলে ফেলে গেছেন।
পাকিস্তান দল টি-টোয়েন্টি সিরিজ ১-১ ব্যবধানে শেষ করে। ব্যাঙ্গালোরে পাকিস্তান প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি জিতেছিল পাঁচ উইকেটে। কিন্তু আহমেদাবাদে ভারত ১১ রানে জিতে সিরিজে সমতা আনে।
টি-টোয়েন্টি অধিনায়ক মোহাম্মদ হাফিজ আশা করেন পাকিস্তানের এই পারফরমেন্স ভারতকে কিছুটা প্রভাবিত করবে। ভারতের পাকিস্তান সফর প্রসঙ্গ টেনে হাফিজ বলেন, ‘আমরা কতটা ভাল তা দেখিয়েছি। আশা করি এই পারফরমেন্সের পর আইসিসি এবং ক্রিকেট দুনিয়া পাকিস্তানের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট ফিরিয়ে আনার বিষয়টি নিয়ে ভাববে।’ লাহোরে ২০০৯ সালে শ্রীলংকান দলের ওপরে সন্ত্রাসী হামলার পর কোন বিদেশি দল পাকিস্তানে সফর করেনি। পাকিস্তানের হোম ভেন্যু বলতে এখন সংযুক্ত আরব আমিরাত। দেশটির ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান জাকা আশরাফ, যিনি ওয়ানডে সিরিজ দেখে দলের সাথেই ফেরেন, আশা করেন চলতি বছরে ভারত পাকিস্তানে ফিরতি সফরে যাবে। যদিও গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয় ভারত এই সফরে আগ্রহী নয় বলে জানিয়ে দিয়েছে। আশরাফ বলেন, ‘ভারতের সাথে ক্রিকেট কূটনীতি চলছে। সেই দিন বেশি দূরে নয় যখন ভারতও পাকিস্তান সফরে আসবে এবং আমি আশাবাদি।’
এদিকে বাংলাদেশ ১০ মাসের মধ্যে দুইবার পাকিস্তান সফর স্থগিত করেছে। জাকা আশরাফ দিল্লিতে গত রবিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি নাজমুল হাসানের সাথে সাক্ষাত্ করেন। আশরাফ আশাবাদি সফরটি হবে। এ ব্যাপারে তিনি বলেন, ‘বাংলাদেশ সফরটির আশা শেষ হয়ে যায়নি। কথাবার্তা চলছে তাদের সাথে তারিখ ও সিরিজের ব্যাপারে।’
