মঠবাড়িয়ায় আজও শেষ হয়নি সেতুর নির্মাণ কাজ

আপডেট : ০৮ জানুয়ারি ২০১৩, ২১:২১
১১ বছরেও সমাপ্ত হয়নি পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার কালিরহাট সেতুর নির্মাণ কাজ। সেতুটির দুই পাশের গার্ডার নির্মাণ করার পর সংশ্লিষ্ট ঠিকাদার কাজ না করায় উপজেলার তিন ইউনিয়নের প্রায় পঞ্চাশ হাজার মানুষ যাতায়াতে দুর্ভোগ পোহাচ্ছে। জানা গেছে, ২০০০-২০০১ অর্থবছরে আমড়াগাছিয়া-বেতমোর-কালিরহাট সড়কের মঠবাড়িয়া বড়মাছুয়া খালের ওপর ৬০ মিটার র্দৈঘ্য ও ৫ মিটার প্রস্থ একটি বেইলি সেতু নির্মাণের জন্য এলজিইডি ২০০১ সালে বরিশালের ‘মেসার্স তোফাজ্জেল হোসেন এন্টারপ্রাইজ’ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে কার্যাদেশ দেয়। কার্যাদেশ পেয়ে সংশ্লিষ্ট ঠিকাদার সেতুর দুইটি কংক্রিট গার্ডার নির্মাণ করে কাজ অসমাপ্ত অবস্থায় ফেলে যায়। এরপর ২০০৪-০৫ অর্থবছরে আয়রন সেতু নির্মাণের জন্য ঝালকাঠির ‘মেসার্স সরদার এন্টারপ্রাইজ’কে ৪ কোটি ৭০ লাখ টাকার কার্যাদেশ দেয়া হয়। প্রতিষ্ঠানটি কাজ না করায় ২০০৬ সালে এলজিইডি কার্যাদেশ বাতিল করে।উপজেলা প্রকৌশলী মো. দেলোয়ার হোসেন বলেন, কালিরহাট সেতুটি প্রথমে গার্ডারের ওপর বেইলি ব্রিজ নির্মাণের কথা ছিল। তবে বেইলি সেতুর সরঞ্জাম আমদানি বন্ধ হওয়ায় সংশ্লিষ্ট ঠিকাদার সেতুটির নির্মাণ কাজ শেষ করতে পারেনি। পরে আয়রন সেতুর কার্যাদেশ দেয়া হলে ওই ঠিকাদার কাজ না করায় কার্যাদেশ বাতিল করা হয়। এখন নতুন করে অর্থ বরাদ্দের পর গার্ডার সেতুর দরপত্র আহ্বান ছাড়া সেতুটি নির্মাণ করা সম্ভব নয়।