নালিতাবাড়ীর গারোপল্লীতে বন্যহাতির তান্ডব

আপডেট : ০৮ জানুয়ারি ২০১৩, ২১:২১
শেরপুরের নালিতাবাড়ী সীমান্তবর্তী বারোমারী এলাকার আদিবাসী গারোপল্লীতে মঙ্গলবার সকালে একদল বুনোহাতি অতর্কিত হামলা চালিয়ে ঘর-বাড়ি ভেঙ্গে, গোলার ধান ও বোরো ধানের বীজতলা নষ্ট করেছে। এতে ক্ষতির শিকার হয়েছে পাহাড়ের ৪টি পরিবারের মানুষ। ক্ষতিগ্রস্তরা হলেন, আন্ধারুপাড়া গারো আদিবাসী পল্লীর জুরেন সাংমা (৫০), শচিন সাংমা (৪৫), ডালুকোনা গ্রামের আলবার্ট সাংমা (৪০) ও বুরুঙ্গা গ্রামের মাজম আলী (৪০)। প্রথম জনের ৩টিসহ প্রতি পরিবারের ১টি করে ঘর হাতি ভেঙ্গে গুঁড়িয়ে ফেলেছে। গারোপল্লীর জুরেন সাংমা জানান, সকালে বাড়িতে বুনোহাতি অতর্কিত তান্ডব চালায়। এ সময় তার বসতঘরসহ বাড়ির তিনটি ঘর ভেঙ্গে গুঁড়িয়ে দেয়। এ সময় বুনোহাতি গোলার ধানসহ ঘরের আসবাবপত্র তছনছ করে ফেলে। হাতির আক্রমণ থেকে প্রাণ বাঁচাতে গিয়ে কয়েকজন আহত হয়েছেন। বর্তমানে জেলার সীমান্ত এলাকাজুড়ে হাতি আতংক ছড়িয়ে পড়ছে।