পানির অভাবে আমরা বছরে একটির বেশি ফসল করতে পারতাম না, অনাবাদি পড়ে থাকতো ফসলি জমি, এখন রাবার ড্যাম নির্মাণ হওয়ায় এলাকার হাজার হাজার কৃষক উপকৃত হচ্ছে। এমনকি ছাতক উপজেলার সোনাই নদীতে রাবার ড্যাম নির্মাণের ফলে ভাগ্য বদলের স্বপ্ন দেখছেন হাজারো দরিদ্র কৃষক। স্থানীয় কৃষকরা জানান, এই ড্যাম নির্মাণের পূর্বে স্থানীয় লোকজন নিজেদের উদ্যোগে প্রায় ৪০ বছর যাবত্ মাটির বাঁধ নির্মাণ করে সীমিত ভাবে চাষাবাদ করতেন। প্রতি বছর মাটির বাঁধ নির্মাণ এবং বর্ষায় তা ভেঙ্গে যাওয়ায় কৃষকরা বিপুল আর্থিক ক্ষতির মুখে পড়তেন। এছাড়া বোরো মৌসুমে নদীতে পানির অভাবে আবাদ করতে পারতেন না। এতে এলাকার সাধারণ মানুষ একটির বেশি ফসল উত্পাদন করতে পারতেন না। তাই নদীর দুই পাড়ের বিপুল পরিমাণ চাষযোগ্য জমি অনাবাদি থাকতো। এ সব দিক বিবেচনা করে গত বছর সরকার বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) তত্ত্বাবধায়নে ৫০ মিটার দীর্ঘ ও ৪ মিটার উচ্চতার ড্যাম নির্মাণের উদ্যোগ নেয়। গত বছরের ডিসেম্বর মাসে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয় রাবার ড্যামের। এ রাবার ড্যাম নির্মাণের কারণে শুধু যে এলাকায় ফসল উত্পাদন বাড়বে তা নয় পাশাপাশি মাছের উত্পাদনও বাড়বে।
প্রকল্প পরিচালক প্রকৌশলী হাফিজউল্লাহ চৌধুরী বলেন, রাবার ড্যাম এই এলাকায় নতুন দিনের সূচনা হয়েছে, এই ড্যামের কারণে কৃষক তাদের দারিদ্র্য বিমোচন ও আর্থ-সামাজিক অবস্থা উন্নতি করতে পারবেন।
