বাগেরহাটে শিক্ষকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

আপডেট : ০৮ জানুয়ারি ২০১৩, ২১:২৪
বাগেরহাট সরকারি পিসি কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক শাহ আলম ফরাজীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে শিক্ষক ও শিক্ষার্থীরা ক্লাস বর্জন শেষে মৌন মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে। গতকাল মঙ্গলবার দুপুর ১২টায় মৌন মিছিল বাগেরহাট শহরের বিভিন্ন শহর প্রদক্ষিণ শেষে প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে। তারা এই হামলার ঘটনায় জড়িত সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে পুলিশ প্রশাসনের প্রতি আহবান জানান। মানববন্ধনে শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম ফকির, যুগ্ম সম্পাদক আকুঞ্জী কামরুজ্জামান, উপাধ্যক্ষ প্রফেসর সুলতানা বেগম, বিসিএস শিক্ষক সমিতির জেলা সাধারণ সম্পাদক মজিবুর রহমান বাবুল, কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য মোঃ সাইফুদ্দিন, কলেজ ছাত্র সংসদের ভিপি মোঃ ইয়াছির আরাফত (নোমান), সম্পাদক মোঃ সোহাগ হোসেনসহ সকল শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এদিকে হামলার ঘটনায় ক্লাস বর্জন প্রতিবাদ, সমাবেশ ও কালো ব্যাজ ধারণসহ নানা কর্মসূচি পালন করে বাগেরহাট পিসি কলেজের ছাত্র সংসদ। সোমবার রাত সাড়ে ৮টার দিকে বাসায় ফেরার পথে শহরের যদুনাথ স্কুলের সংলগ্ন ফাঁকা জায়গায় সহকারী অধ্যাপক শাহ আলম ফরাজীর উপর অজ্ঞাত সন্ত্রাসীরা হামলা চালায়। তাকে মুমূর্ষু অবস্থায় ফেলে রেখে চলে যায়। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে প্রথমে বাগেরহাট সদর হাসপাতালে পরে খুলনা ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি করে।