পাকুন্দিয়ায় এক মাসের ব্যবধানে আবারও যৌতুকের বলি হলো গৃহবধূ শামছুন নাহার (২৩)। বিগত ৬ ডিসেম্বর উপজেলার কোষাকান্দা গ্রামে যৌতুকের জন্য স্বামী-শাশুড়ীর লাঠি পেটায় গুরুতর জখম এক পুত্র সন্তানের জননী রিনা আক্তার (২২) হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা যায়। ওই ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও যৌতুকের বলি হলো শামছুন নাহার। শামছুন নাহারের সংসারে এক পুত্র ও এক কন্যা সন্তান রয়েছে। শনিবার রাতে স্বামীর কিল, ঘুষিতে জ্ঞান হারিয়ে ফেলে এ গৃহবধূ। নির্যাতিত গৃহবধূকে রবিবার দুপুরে পাকুন্দিয়া হাসপাতালে ভর্তি করা হয়। মৃতের ভাই সুজন মিয়ার দাবি বিষপানে নয় স্বামী-শাশুড়ীর নির্যাতনেই মারা গেছে তার বোন। স্বামী কাদিরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি হত্যার বিষয় অস্বীকার করে তার স্ত্রী বিষপানে আত্মহত্যা করেছে মর্মে জানান।
