’৭১-এর মানবতা বিরোধী যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবীতে গত সোমবার ১৪দলীয় জোটের উদ্যোগে রাজবাড়ীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় । এ উপলক্ষে রাজবাড়ী রেলগেট থেকে পৌরসভা পর্যন্ত দীর্ঘ প্রায় ১ কিলোমিটর পর্যন্ত দাঁড়িয়ে ১৪ দলের নেতাকর্মীরা সকল যুদ্ধাপরাধীকে ফাঁসির দাবীতে মানববন্ধন করে। পরে মানববন্ধন শেষে রাজবাড়ী পৌরসভার সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মুক্তিযোদ্ধা স্মৃতি চত্বরে সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী, সহ-সভাপতি ফকীর আব্দুল জব্বার, সহ-সভাপতি কাজী এরাদত আলী, সদর আওয়ামী লীগের সভাপতি এসএম নওয়াব আলী, পৌর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী, জেলা জাসদের সভাপতি আহম্মেদ নিজাম মন্টু, জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি জ্যোতি শংকর ঝন্টু ও রেজাউল করিম রেজা।
