ছাত্রী ধর্ষণকারীদের শাস্তি চাই

আপডেট : ০৮ জানুয়ারি ২০১৩, ২১:৪৯
মধুপুরে স্কুলছাত্রীকে গণধর্ষণের ঘটনায় টাঙ্গাইলে প্রতিবাদ অব্যাহত রয়েছে। ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে টাঙ্গাইল পৌরসভা গতকাল মঙ্গলবার শহরের নিরালা মোড়ে মানববন্ধন করে। দুপুর সাড়ে ১২টা থেকে দেড়টা পর্যন্ত এই মানববন্ধনে নেতৃত্ব দেন পৌর মেয়র সহিদুর রহমান খান মুক্তি। এর আগে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে আলোকিত মানুষ (সিডব্লিউএফডি), বাংলাদেশ মহিলা পরিষদ, ঊষা ও বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা টাঙ্গাইল জেলা শাখা মানববন্ধন কর্মসূচির আয়োজন করে। মানববন্ধন শেষে টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে বক্তৃতা করেন বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার টাঙ্গাইল জেলা শাখার সমন্বয়কারী অ্যাডভোকেট ও সাংবাদিক আতাউর রহমান আজাদ, সংস্থার টিম লিডার জালালউদ্দিন, ব্লাস্টের সমন্বয়কারী অ্যাডভোকেট এমএ. করিম, মহিলা পরিষদ জেলা শাখার সাধারণ সম্পাদক শাহনাজ খান, নিজেরা করি’র ঢাকা বিভাগীয় সভাপতি শামছুল আলম, আলোকিত মানুষ’র ফিল্ড কো-অর্ডিনেটর নিলুফার খান প্রমুখ। এছাড়া ধর্ষিতা স্কুলছাত্রীর বড়ভাই সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন। সবাই অবিলম্বে ধর্ষকদের ফাঁসি দাবি করেন। অন্যদিকে শহরের কুমুদিনী সরকারি মহিলা কলেজের ছাত্রীরাও একই দাবিতে গতকাল মানববন্ধন কর্মসূচি পালন করে। কয়েকটি মানবাধিকার সংগঠনও গতকাল সকালে মধুপুর বাসস্ট্যান্ডে মানববন্ধন করে। তারা স্থানীয় পুলিশ প্রশাসন ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।