নারী ও শিশুর প্রতি সকল প্রকার সহিংসতা বন্ধ করতে এবং সাভারসহ সারা বাংলাদেশের ধর্ষণকারীদের দ্রুত বিচারের দাবিতে গতকাল মঙ্গলবার সাভারে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সকাল সাড়ে ১১টায় সাভার থানা বাসস্ট্যান্ডে ‘মডার্ন প্লাজা’র সামনে ঢাকা-আরিচা মহাসড়কে মানববন্ধনের আয়োজন করা হয়। মানবন্ধনে অংশগ্রহণ করে সাভার উপজেলা এনজিও সমন্বয় পরিষদ, উপজেলা মহিলা পরিষদ, উপজেলা শিশু সুরক্ষা মনিটরিং কমিটি, এদেশ, উদীচী শিল্পীগোষ্ঠী এবং সাভার উপজেলার বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী, শ্রমজীবী, পেশাজীবী, কর্মজীবী, সাংবাদিক, আইনজীবীসহ সর্বস্তরের মানুষ।
মানববন্ধন শেষে সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে সাভার উপজেলা এনজিও সমন্বয় পরিষদের সভাপতি এবং ভার্ক এর নির্বাহী পরিচালক শেখ আব্দুল হালিম বলেন সম্প্রতি সাভারের ব্যাংক কলোনিতে ঘটে যাওয়া ধর্ষণের ঘটনায় আমরা তীব্র প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করছি। সেই সাথে অপরাধীদের দ্রুত বিচার ও ধর্ষকের ফাঁসি নিশ্চিত করার দাবি জানাই। উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রোকেয়া হক বলেন, অপরাধী যেই হোক এবং তার হাত যত লম্বাই হোক তাকে আইনের আওতায় এনে দ্রুত বিচার করতে হবে।
