বর ৯০ কনে ১৫

আপডেট : ০৮ জানুয়ারি ২০১৩, ২১:৫১
বরের বয়স ৯০। কনের বয়স ১৫। দাদার বয়সী বরের সাথে নাতীর বয়সী কনের এই বিয়ে সম্পন্ন হয়েছে সৌদি আরবে। মেয়ের পরিবারকে বিশাল অঙ্কের যৌতুক দিয়ে বিয়ের স্বাদ মিটিয়েছেন সৌদি নাগরিক। এ ঘটনায় টুইটারসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় বইছে। এটি নারী পাচার বা শিশু নির্যাতন বলে কেউ কেউ অভিযোগ করেছেন। খবর বিবিসি ও এনডিটিভির। মেয়েটি এই বিয়ে মেনে নেয়নি। নিজের বয়স থেকে পাঁচ গুণ বেশি বয়সী স্বামীকে টানা দুই দিন শোবার ঘরে ঢুকতে দেননি শিশুটি। অবশেষে বাবার বাড়িতে পালিয়ে যায় সে। মানবাধিকার কর্মী ও সামাজিক মাধ্যমগুলোতে ব্যাপক সমালোচনা হলেও বিয়ে পাগলা বুড়ো কারও সমালোচনার ধার ধারেন না। স্ত্রীকে ফিরিয়ে আনতে মামলা করার হুমকি দিয়েছেন। স্ত্রীকে না পেলে যৌতুকের অর্থ ফেরত চান তিনি। এই বৃদ্ধ বর জানিয়েছেন, তার বিয়ে ‘বৈধ ও সঠিক’। ইয়েমেনি বাবা ও সৌদি মায়ের কন্যাকে বিয়ে করতে সাড়ে ১৭ হাজার ডলার দিয়েছেন তিনি। সৌদি ন্যাশনাল এসোসিয়েশন ফর হিউম্যান রাইটসের সদস্য সুহাইলা জেইন এল-আবেদিন ‘মেয়েটিকে এ ধরনের মর্মান্তিক ঘটনা থেকে মুক্ত করতে যত দ্রুত সম্ভব’ পদক্ষেপ নিতে কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ইসলামে অবশ্যই দু’জনের সম্মতিতে হয়। সম্মতির ভিত্তিতে এই বিয়ে হয়নি বলেই মেয়েটি ঘরে নিজেকে আটকে রেখে প্রতিবাদ জানিয়েছে। দাদার বয়সী পুরুষের সঙ্গে মেয়েকে বিয়ে দেয়ার জন্য মেয়ের বাবা-মাকেও দোষারোপ করেছেন সুহাইলা জেইন এল-আবেদিন। সৌদি আরবে মেয়েদের ১৮ বছরের পর বিয়ে দেয়ার নিয়ম করার ওপর তিনি গুরুত্ব দেন।