ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর পদত্যাগ, মুক্তি মোর্চার সমর্থন প্রত্যাহার

আপডেট : ০৮ জানুয়ারি ২০১৩, ২১:৫৩
ভারতের ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী অর্জুন মুন্ডা গতকাল মঙ্গলবার পদত্যাগ করেছেন। বিজেপি নেতৃত্বাধীন সরকারের শরীক ঝাড়খন্ড মুক্তি মোর্চা সরকারের ওপর থেকে সমর্থন প্রত্যাহার করায় মুখ্যমন্ত্রী পদত্যাগ করলেন। ৮১ সদস্যের বিধানসভায় বিজেপি ও ঝাড়খন্ড মুক্তি মোর্চার আসন ১৮টি করে। খবর এনডিটিভির। ঝাড়খন্ড মুক্তি মোর্চা সমর্থন প্রত্যাহারের সিদ্ধান্ত জানানোর পর মুখ্যমন্ত্রী গতকাল মন্ত্রিপরিষদের বৈঠক আহ্বান করেন। বৈঠকে বিধানসভা ভেঙ্গে দেয়ার আহ্বান জানানো ও পদত্যাগের সিদ্ধান্ত নেয়া হয়। তবে ঝাড়খন্ড মুক্তি মোর্চা জানিয়েছে, তারা কংগ্রেসের সাথে সরকার গঠনের চেষ্টা চালাবে। কংগ্রেসের আসন সংখ্যা ১৩টি। ক্ষমতার ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বের কারণে ঝাড়খন্ড মুক্তি মোর্চা সরকারের ওপর থেকে সমর্থন প্রত্যাহার করে নেয়। এই রাজ্যে গত ১২ বছরে আটটি সরকার গঠন করা হয়।