জামিন পেলেন না মির্জা ফখরুল রিমান্ড নামঞ্জুর

আপডেট : ০৮ জানুয়ারি ২০১৩, ২১:৫৩
বোমা বিস্ফোরণ ও রাস্তায় গাড়ি ভাংচুরের অভিযোগে করা পৃথক দুই মামলার একটিতেও জামিন পেলেন না বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেই সঙ্গে এসব মামলায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের পক্ষ থেকে করা রিমান্ড আবেদনও নামঞ্জুর করেছে আদালত। গতকাল মঙ্গলবার মামলা দুটিতে রিমান্ড আবেদন ও জামিন আবেদনের উপর শুনানি শেষে মির্জ ফখরুলকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম শহিদুল ইসলাম। গত ২ জানুয়ারি মির্জা ফখরুলকে রাজধানীর সূত্রাপুর ও মতিঝিল থানার দুই মামলায় ১৭ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়। গতকাল এ শুনানির জন্য দিন ধার্য ছিল। মতিঝিল থানার মামলাটি বিস্ফোরক আইনের ৩ ও ৬ ধারায় ও সূত্রাপুর থানার মামলাটি রাস্তায় গাড়ি ভাঙচুর, পুলিশের ওপর হামলার অভিযোগে দায়ের করা। আদালতে রাষ্ট্রপক্ষে রিমান্ড আবেদনের শুনানি করেন মহানগর পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আবদুুল্লাহ আবু। শুনানিতে তিনি বলেন, ‘ফখরুল ইসলাম আলমগীর এজাহারভুক্ত আসামি। তার নির্দেশে অপর আসামিরা গত ৯ ডিসেম্বর অবরোধের দিন রাস্তায় গাড়ি ভাংচুর ও বোমা নিক্ষেপ করেন। তাই কোন আসামি গাড়ি ভাংচুর ও বোমা নিক্ষেপের সঙ্গে জড়িত ছিলেন তা জানতে আসামিকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন’। অপরদিকে রিমান্ড বাতিল করে জামিন আবেদনের শুনানিতে ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, ‘মির্জা ফখরুলকে দুটি মিথ্যা মামলায় গ্রেফতার করা হয়েছিল। মামলা দুটিতে তিনি হাইকোর্ট থেকে জামিন পান। এরপর এ দুটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। তিনি এসব মামলার এজাহারভুক্ত আসামি নন’। তিনি রিমান্ড আবেদন বাতিল করে ফখরুলের জামিন চান। মির্জা ফখরুলকে হাজির করানো উপলক্ষে গতকাল আদালত পাড়ায় সকাল থেকেই কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। শুনানি শেষে বেলা পৌনে ৩টার দিকে ভাড়া করা একটি মাইক্রোবাসে (ঢাকা মেট্রো-চ-১১-৫৮১৩) করে তাকে গাজীপুরের কাশিমপুর কারাগারে নিয়ে যাওয়া হয়। গত ৯ ডিসেম্বর বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা অবরোধের দিন মতিঝিল এলাকায় বোমা বিস্ফোরণ ও ঢাকার ধোলাইখাল এলাকায় পুলিশের উপর হামলার ঘটনায় মির্জা ফখরুলকে হুকুমের আসামি করা হয়। গত ১০ ডিসেম্বর সন্ধ্যা ৬টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচ থেকে মির্জা ফখরুলকে গ্রেফতার করা হয়।