স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকু বলেছেন, বিএনপি নেতা রফিকুল ইসলাম হত্যাকাণ্ডের ঘটনায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জড়িত নয়। এ ঘটনায় বাহিনীকে জড়িয়ে করা প্রচারণা ভিত্তিহীন, অনভিপ্রেত ও দূরভিসন্ধিমূলক। এটা জাতির জন্য সুখকর নয়। এ সংক্রান্ত মামলা সঠিকভাবে তদন্ত করে প্রতিবেদন প্রদানে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি। গতকাল মঙ্গলবার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মন্ত্রণালয় আওতাধীন উন্নয়ন প্রকল্পের পর্যালোচনামূলক সভা শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বিষয়টিকে ‘আপেক্ষিক’ উল্লেখ করে বলেন, অতীতের তুলনায় পরিস্থিতি ভাল। সরকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও ভাল করার চেষ্টা করছে বলে তিনি জানান। উন্নয়ন প্রকল্প প্রসঙ্গে টুকু বলেন, দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে আরও ১৫৬টি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন স্থাপন করা হবে। ৯০১ কোটি টাকা ব্যয়ে এই প্রকল্প ২০১৫ সালের জুন মাসের মধ্যে শেষ হবে। তিনি আরও বলেন, ১০১টি জরাজীর্ণ থানা ভবন টাইপ প্ল্যানে নির্মাণের একটি প্রকল্প জাতীয় অর্থনৈতিক নির্বাহী পরিষদে (একনেক) অনুমোদিত হয়েছে। যার জন্য বরাদ্দ রাখা হয়েছে ৬৯৪ কোটি ৭৮ লাখ টাকা।
