জাতীয় সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনের (সিটি করপোরেশন, উপজেলা পরিষদ, ইউপি ও পৌর সভা) জন্য আলাদা আলাদা প্রতীক নির্ধারণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। ফলে এখন থেকে আর স্থানীয় নির্বাচনে রাজনৈতিক দলের প্রতীক ব্যবহার করা হবে না। এ বিষয়ে নির্বাচন কমিশনার মোঃ শাহ নেওয়াজ ইত্তেফাককে বলেন, রাজনৈতিক দলের প্রতীক স্থানীয় নির্বাচনে না ব্যবহারের সিদ্ধান্ত নেয়া হয়েছে। ইতিমধ্যে সংশ্লিষ্ট শাখাকে এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে। রাজনৈতিক দলগুলোর দাবির পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত হয়েছে বলে তিনি জানান।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নির্বাচন কমিশনে নিবন্ধিত ৩৮টি রাজনৈতিক দলের জন্য পৃথক পৃথক প্রতীক সংরক্ষিত রয়েছে। কিন্তু বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপির ‘গরুর গাড়ি’ ও খেলাফত মজলিসের ‘দেয়ালঘড়ি’ এই দুটি প্রতীক দীর্ঘদিন থেকে সিটি করপোরেশনের মেয়র ও অন্যান্য স্থানীয় নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীদের প্রতীক হিসেবে ব্যবহার হয়ে আসছে। সম্প্রতি কমিশনের সঙ্গে আয়োজিত সংলাপে বেশ কয়েকটি রাজনৈতিক দল তাদের দলীয় প্রতীক স্থানীয় নির্বাচনে ব্যবহার না করার দাবি জানায়। রাজনৈতিক দলগুলো কমিশনকে বলেছিল, দলীয় প্রতীক নিয়ে স্থানীয় নির্বাচন করা সমীচীন নয়। তারপরেও স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক ব্যবহার করা মানে একদিকে যেমন দলের সমর্থন করা বোঝায়, অন্যদিকে স্থানীয় নির্বাচনকেও রাজনৈতিক নির্বাচনে পরিণত করা হয়। এই পরিস্থিতিতে রাজনৈতিক দলগুলোর জন্য বরাদ্দকৃত ৩৮টি প্রতীক স্থানীয় নির্বাচনে না ব্যবহারের জন্য নির্দেশ দেয়া হয়েছে। ফলে আর কোন স্থানীয় নির্বাচনে ‘গরুর গাড়ী’ কিংবা ‘দেয়ালঘড়ি’ প্রতীক ব্যবহার হচ্ছে না।
জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা বিধিমালা, ২০০৮ অনুসারে সংসদ নির্বাচনের জন্য ১৪১টি প্রতীক বরাদ্দ রয়েছে। তবে নবম জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের ‘না’ ভোট দেয়ার সুবিধার কথা ভেবে কমিশন ‘ক্রস’ চিহ্নকেও একটি প্রতীকের মর্যাদা দেয়া হয়। এ নিয়ে নবম জাতীয় সংসদ নির্বাচনে প্রতীকের সংখ্যা ছিল ১৪১টি। কিন্তু গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ থেকে ‘না’ ভোটের বিধান বাদ দেয়ায় ‘ক্রস’ চিহ্নকে আর প্রতীক হিসেবে ধরা হয় না। কমিশন বর্তমানে ১৪০টি প্রতীক থেকে জাতীয় ও স্থানীয় উভয় নির্বাচনে প্রার্থীদের জন্য প্রতীক বরাদ্দ দিয়ে থাকে। ৩৮টি রাজনৈতিক দলের জন্য ৩৮টি প্রতীক সংরক্ষিত আছে। স্থানীয় নির্বাচনে মেয়র বা চেয়ারম্যান হিসেবে ২০টি, সংরক্ষিত কাউন্সিলর হিসেবে ১৮টি এবং সাধারণ কাউন্সিলর হিসেবে ৩০ প্রতীক ব্যবহার করা হয়।
