সরকার আগাম কোনো আলাপ আলোচনা না করে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) পরামর্শে অযৌক্তিকভাবে জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে আজ বুধবার সারাদেশে বিক্ষোভ সমাবেশ করবে ১০ দল। এর মধ্যে ১৪ দলের শরিক রয়েছে ৭টি দল। দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর শাহবাগ জাদুঘরের সামনে বিকেল ৩টায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক আনিসুর রহমান মল্লিক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সমাবেশে বক্তব্য রাখবেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক নুরুর রহমান সেলিম, সাম্যবাদী দলের আবু হামিদ শাহাবুদ্দিন, গণঐক্যের আহ্বায়ক পঙ্কজ ভট্টাচার্য, গণআজাদী লীগের সভাপতি হাজী আবদুস সামাদ, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বিএসডি) আহ্বায়ক রেজাউর রশিদ খান, জনসংহতির সাংগঠনিক সম্পাদক মঙ্গল চাকমা, কমিউনিস্ট কেন্দ্রের আহ্বায়ক ডা. ওয়াজেদুল ইসলাম খান, গণতান্ত্রিক মজদুর পার্টির সাধারণ সম্পাদক জাকির হোসেন ও ন্যাপের যুগ্ম সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন।
প্রসঙ্গত, মহাজোটের শরিক দলগুলোর মধ্যে- ওয়ার্কার্স পার্টি, গণতন্ত্রী পার্টি, সাম্যবাদী দল, গণআজাদী লীগ, কমিউনিস্ট কেন্দ্র, গণতান্ত্রিক মজদুর পার্টি ও ন্যাপ রয়েছে। তবে জনগণের স্বার্থে আওয়ামী লীগকে বাদ দিয়েই মাঠে নামছে এ দলগুলো।
