নতুন বছরে উন্নয়ন সহযোগীদের অর্থায়নকে গতিশীল ও আরে সমন্বিত করতে সরকার ও বাংলাদেশে নিয়োজিত উন্নয়ন সহযোগীদের প্রতিনিধিদের অংশগ্রহণে আজ অনুষ্ঠিত হচ্ছে লোকাল কন্সালটেটিভ গ্রুপের (এলসিজি) বৈঠক। চলতি মাসে তিন দফায় সংশ্লিষ্টদের সাথে এ বৈঠক অনুষ্ঠিত হবে। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) দায়িত্বশীল কর্মকর্তা জানান, বৈদেশিক সহায়তা কীভাবে আরো কার্যকর করা যায়, সে বিষয়ে নতুন বছরের শুরুতেই এলসিজি বৈঠক আহ্বান করা হয়েছে। এর আগে অনুষ্ঠিত হওয়া এলসিজি বৈঠকে উন্নয়ন সহযোগী এবং প্রকল্প বাস্তবায়নকারী মন্ত্রণালয় ও বিভাগগুলো নিয়ে মোট ১৭টি ওয়ার্কিং গ্রুপ গঠন করা হয়েছিল। চলতি বছরের উন্নয়ন কাজ বাস্তবায়নে তাদের মতামত চাওয়া হয়েছিলো। সূত্র জানায়, তাদের মধ্যে মাত্র ৯টি গ্রুপ ডিসেম্বরের শেষ নাগাদ তাদের মতামত লিখিতভাবে জানিয়েছিলো।
রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে বৈঠকে ইআরডি সচিব আবুল কালাম আজাদ এবং ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধি নেল ওয়াকার যৌথভাবে কো-চেয়ারের দায়িত্ব পালন করবেন।
আজকের বৈঠকে কৃষি, খাদ্য নিরাপত্তা ও গ্রামীণ উন্নয়ন, শিক্ষা মন্ত্রণালয়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, স্বাস্থ্য ও পরিবার মন্ত্রণালয়ের প্রতিনিধিরা অংশগ্রহণ করবেন। এছাড়া দারিদ্র্য ও নগরায়ণ বিষয়ে ইউএনডিপি, ইউনিসেফ অংশগ্রহণ করবে।
দ্বিতীয় পর্যায়ে ২০ জানুয়ারি জ্বালানি, সুশাসন, সামষ্টিক অর্থনীতি, বেসরকারি খাতের উন্নয়ন, সড়ক ও যোগাযোগ সংশ্লিষ্টদের নিয়ে বৈঠক হবে। তৃতীয় পর্যায়ে ২৪ জানুয়ারি দাতাদের অর্থ সহায়তার কার্যকারিতা, জলবায়ু পরিবর্তন এবং পরিবেশ, পানি ব্যবস্থাপনা ও স্যানিটেশন বিষয়ে আলোচনা হবে।
