নতুন দিনের টিভি রিমোট

আপডেট : ০৯ জানুয়ারি ২০১৩, ২০:৫৭
টেলিভিশনের ইমেজ কোয়ালিটি আর ফিচারে যখন একের পর এক পরিবর্তন আসছে, তখন টেলিভিশনের ঘনিষ্ঠ সঙ্গী হয়ে থাকা রিমোট কন্ট্রোলই বা বাদ পড়বে কেন? আর তাই কিছুটা দেরিতে হলেও এবার টিভি রিমোটে যুগান্তকারী সব পরিবর্তন নিয়ে আসছে প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠানগুলো। মাত্র কিছুদিন আগে এলজির একটি টেলিভিশনে প্রথমবারের মতো মোশন সেন্সিবল ম্যাজিক রিমোটের প্রচলনের ঘোষণা এলেও এ ক্ষেত্রে সবাইকে রীতিমতো চমকে দিয়েছে আরেক টেক জায়ান্টা স্যামসাংয়ের রিমোট কন্ট্রোল। সম্প্রতি এই প্রতিষ্ঠানটির পক্ষ থেকে আগামী দিনের টিভির জন্য যে ধরনের রিমোট কন্ট্রোলারের কথা বলা হয়েছে তাতে কোনো ধরনের বাড়তি ডিভাইসের প্রয়োজন হবে না। বরং টিভির উপরে বসানো বিশেষ ক্যামেরার সহায়তায় স্রেফ হাতের ইশারা দিয়েই সম্পন্ন করা যাবে রিমোট কন্ট্রোলারের সব কাজ। সম্প্রতি সিইএস গ্যাজেট শো’তে প্রথমবারের মতো আগামী দিনের জন্য তৈরি করা স্মার্ট টিভির সাথে থাকা এই স্মার্ট রিমোটের কথা ঘোষণা করে স্যামসাং। এতে বলা হয়, নতুন এই রিমোটগুলো মানুষের স্বাভাবিক কথা এবং হাতের ইশারা বুঝতে সক্ষম হবে। এটি হবে অনেকটা গেম কনসোল এক্সবক্স থ্রি সিক্সটির জন্য বানানো কিনেক্ট কন্ট্রোলের মতোই। এর ফলে টিভির সামনে বসে শূন্যে হাত নাড়ালে বা ইশারা করলেও সেটি সিগন্যালে রূপান্তরিত হয়ে প্রয়োজনীয় কাজটি সম্পাদন করবে। অন্যদিকে যে ক্যামেরার মাধ্যমে এই ডিভাইসবিহীন রিমোটটি কাজ করবে চাইলে সেটিকে পেছন দিকে ঘুরিয়েও রাখা যাবে। স্যামসাং জানিয়েছে, ব্যবহারকারীরা যেন একে ভুল করেও নিজেদের নিরাপত্তা বা গোপনীয়তার জন্য হুমকি বলে মনে না করে সেজন্যই বিশেষ এই সুবিধাটি যোগ করেছেন তারা। অন্যদিকে স্মার্ট ক্যাটাগরির এই রিমোটের পাশাপাশি প্রথাগত হাতে ধরে থাকা রিমোটেও চমক আনতে যাচ্ছে স্যামসাং। তারা জানিয়েছে, ভবিষ্যতে এ ধরনের রিমোট কন্ট্রোলে বাটনের পরিবর্তে টাচ সেনসেটিভ ও ক্লিক করা যায় এমন ট্র্যাক প্যাড যুক্ত করছেন তারা। এর ফলে আধুনিক টিভিতে যুক্ত হওয়া ইন্টারনেট ব্রাউজিং এর অপশন এবং বিভিন্ন অনুষ্ঠান সার্চ করার কাজটি আরও সহজতর হবে বলে মনে করছে প্রতিষ্ঠানটি।