রেজিস্টার প্রাথমিক বিদ্যালয়ের প্যানেলভুক্ত শিক্ষকদের দ্রুত নিয়োগ চাই

আপডেট : ০৯ জানুয়ারি ২০১৩, ২০:৫৯
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত রেজিস্টার প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদের প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ ছিল, উপজেলাভিত্তিক মেধাক্রমানুসারে নিয়োগদানের শর্ত। প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির সকল শর্ত পূরণ করে আমি আবেদনপত্র দাখিল করি। তারপর লিখিত পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয়ে ৮-৪-২০১২ তারিখে মৌখিক পরীক্ষায় অংশ নিই। লিখিত ও মৌখিক পরীক্ষার চূড়ান্ত ফলাফল মেধাক্রমানুসারে প্রকাশিত হলে আমি নীলফামারী জেলার ডোমার উপজেলায় দুই নম্বর সিরিয়ালে থাকি। উপজেলাভিত্তিক নিয়োগদানের বিষয় উল্লেখ ছিল বিধায় আমি শিক্ষক পদে যোগদানের বিষয়ে ১০০% নিশ্চিত হয়েছিলাম। নিয়োগদানের সময় ইউনিয়নভিত্তিক হওয়ায় আজও আমি নিয়োগ পেলাম না। অথচ আমার অনেক পরে থাকা সিরিয়ালধারী নিয়োগ পেলেন। তাই এই নিয়োগে মেধার মূল্যায়ন নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক। আমি আদৌ নিয়োগ পাবো কিনা-হতাশায় দিন কাটাচ্ছি। এই প্যানেল চার বছরের জন্য হলেও আমাদের ইউনিয়নে ২০১৯ সালের আগে কোনো শূন্য পদ পাওয়া যাবে না। কোনো শিক্ষকের মৃত্যুজনিত কারণে পদ শূন্য হলে নারী কৌঠার কারণে আমি ছিটকে পড়বো। এ অবস্থায় প্রতিটি রেজিস্টার প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম পদ সৃষ্টি করে সবাইকে নিয়োগদানের জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিশেষভাবে অনুরোধ করছি। মো. আজিজুল ইসলাম, সোনারায় ফার্মহাট, ডোমার, নীলফামারী