ধানমন্ডিতে যাত্রা শুরু করল দেশের প্রথম কম্পিউটার ব্র্যান্ড শপ। ধানমন্ডি ২৭ নম্বর রোডে ৭ হাজার বর্গফুট জায়গা জুড়ে গড়ে তোলা হয়েছে কম্পিউটার সোর্সের এই ৩৭তম শাখাটি। এখানে এক ছাদের নিচেই রয়েছে অ্যাপল, ফুজিত্সু, ডেল, এইচপি, মাইক্রসফট, ইন্টেল, সিসকো, নরটন, লজিটেক, লেক্সমার্ক, রেজার, অ্যান্টেক, ডব্লিডি ছাড়াও দেশি ব্র্যান্ডের সিএসমসহ ৪৩টি ব্র্যান্ডের আইটি পণ্য। রয়েছে ল্যাপটপ, ডেস্কটপ থেকে শুরু করে ব্র্যান্ডভিত্তিক প্রিন্টার, হোমথিয়েটার, হেডফোন, রাউটার ছাড়াও মাদারবোর্ড, গ্রাফিক্সকার্ডের মতো কম্পিউটারের খুুঁটিনাটি যন্ত্রাংশ। রয়েছে এক্সপেরিয়েন্স জোন। এই ব্র্যান্ড শপটির সাথেই রয়েছে অ্যাপল’র অথরাইজড রিটেইল শপ। সাড়ে ৭০০ বর্গফুট বিস্তৃত এই কর্নারে ম্যাকবুক থেকে শুরু করে রয়েছে আইপডও। এখানে প্রদর্শিত প্রতিটি ডিভাইসের সাথেই রয়েছে এক থেকে পাঁচ বছর পর্যন্ত বিক্রয়োত্তর সেবা। আছে প্রতিটি ডিভাইস সচল অবস্থায় পরীক্ষার ব্যবস্থাও। গতকাল এই কম্পিউটার ব্র্যান্ড শপটির উদ্বোধন করেন কম্পিউটার সোর্সের ব্যবস্থাপনা পরিচালক মাহফুজুল আরিফ ও চেয়ারম্যান সৈয়দা মাজেদা মেহের নিগার। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ কম্পিউটার সমিতির পরিচালক মোস্তাফা জব্বার, ইন্টেল বাংলাদেশের জিয়া মঞ্জুর, ডেল বাংলাদেশের আতিকুর রহমান, এইচপি’র বাংলাদেশ প্রতিনিধি ও লজিটেক বাংলাদেশ প্রতিনিধি জামাল রহীম, ব্যাংকার, ব্যবসায় প্রতিনিধি এবং কম্পিউটার সোর্সের পরিচালক কর্মকর্তাবৃন্দ।
