আগামীকাল (শুক্রবার) থেকে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হচ্ছে তিন দিনব্যাপী ‘স্মার্টফোন এক্সপো ২০১৩’। স্মার্টফোন ও ট্যাবলেট নিয়ে দেশে এই প্রথম কোনো মেলা আয়োজন। মেলা ও সম্মেলন ব্যবস্থাপনা প্রতিষ্ঠান ‘এক্সপো মেকার’ আয়োজন করছে এই মেলা। মেলা উপলক্ষে এক সংবাদ সম্মেলনে আয়োজকরা জানান, দেশের প্রথম তৃতীয় প্রজন্মের মোবাইল ফোন সেবা ‘টেলিটক থ্রিজি’ এ মেলার প্রধান পৃষ্ঠপোষক। সহ-পৃষ্ঠপোষক হিসেবে রয়েছে স্যামসাং, সিম্ফনি, আসুস, ক্যাসপারস্কি। আয়োজকরা জানান, স্মার্টফোন এক্সপোতে স্যামসাং, সিম্ফনি, আসুসসহ সব ব্র্যান্ডের স্মার্টফোন, ট্যাবলেট ও আনুষঙ্গিক পণ্য পাওয়া যাবে। মেলায় থাকবে টেলিটক থ্রিজি এবং স্মার্টফোনের জন্য সিকিউরিটি পণ্য ক্যাসপারস্কির প্যাভিলিয়ন। মেলায় বিভিন্ন পণ্যের ওপর ছাড় ও উপহার থাকবে। এতে স্মার্টফোন ও ট্যাবলেট ডিভাইসের পাশাপাশি বিভিন্ন অ্যাকসেসরিজও পাওয়া যাবে। অ্যানড্রয়েডের পাশাপাশি অ্যাপলের স্মার্টফোন এবং ট্যাবলেটও পাওয়া যাবে কিছু স্টলে। এসব স্টলে নকিয়া, এইচটিসিসহ বিশ্বখ্যাত ব্র্যান্ডের হ্যান্ডসেটও পাওয়া যাবে। মেলায় ৭ টি প্যাভিলিয়ন ও ১৭টি স্টলে প্রযুক্তিপণ্য প্রদর্শিত হবে। স্মার্টফোনের পাশাপাশি অ্যাপ্লিকেশন নির্মাতারাও এই আয়োজনে নিজেদের অ্যাপ্লিকেশন প্রদর্শনের সুযোগ পাবেন। মেলা চলবে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত৮টা পর্যন্ত।
