আবুজায় রবীন্দ্র-নজরুলের জন্মজয়ন্তী উদযাপন

আপডেট : ২৬ নভেম্বর ২০১৮, ২১:০৯

নাইজেরিয়ার রাজধানী আবুজায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৭তম এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৯ তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে। বুধবার (২১ নভেম্বর) বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মান্যবর হাইকমিশনার মো. শামীম আহসান, এনডিসি তার স্বাগত বক্তব্যে বাংলা সাহিত্যে রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলামের বিশাল অবদান সম্পর্কে আলোকপাত করেন। 

এ সময় তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতার পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কবি কাজী নজরুল ইসলামকে কোলকাতা থেকে ঢাকা নিয়ে আসেন এবং পরবর্তীতে তাকে বাংলাদেশের নাগরিকত্ব এবং জাতীয় কবির মর্যাদা প্রদান করা হয়।

তিনি আরও বলেন, বাংলাদেশে রবীন্দ্র চর্চার বিকাশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত সিরাজগঞ্জের শাহজাদপুর-এ রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন।

আহসান বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলাম তাদের গান, কবিতা, উপন্যাস, ছোটগল্প ও নাটকের মাধ্যমে সমাজকে আলোকিত করেছেন। বহুমাত্রিক প্রতিভার অধিকারী রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলামের অসাধারণ সাহিত্য কর্মের উল্লেখ করে তিনি বলেন, সমস্যা সংকুল পৃথিবীতে তারা শান্তির সুবাতাস বইয়ে দিয়েছেন।

নাইজেরিয়ার অঙ্গ রাজ্য কাটসিনায় অবস্থিত আল কালাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর সেহু জি. আডো অনুষ্ঠানে অতিথি বক্তা হিসেবে বক্তব্য দেন এবং দুই কবির সাহিত্য কর্মের ওপর আলোচনা করেন।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে হাইকমিশনের মিলনায়তনে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে রবীন্দ্র ও নজরুল সংগীতকে উপজীব্য করে বাংলাদেশ শিল্পকলা একাডেমির নৃত্য সংগীত পরিচালক ও শিল্পী মিসেস তামান্না রহমানের নেতৃত্বে নৃত্যশিল্পীদের পরিবেশনা সবাইকে মুগ্ধ করে।

ইত্তেফাক/বিএএফ