শাহজাদপুর উপজেলার নগরবাড়ী-বগুড়া মহাসড়কের জুগনীদহ ব্রিজের কাছে র্যাব পরিচয়ে ডাকাতির সময় জনতার হাতে চার ডাকাত আটক করা হয়েছে। এ সময় ডাকাতি কাজে ব্যবহূত মাইক্রোবাসটি বিক্ষুব্ধ জনতা ভস্মীভূত করেছে। দু’জন ডাকাত পালিয়ে যেতে সক্ষম হয়। গত মঙ্গলবার রাত সাড়ে সাতটার দিকে এ ঘটনা ঘটে। আটককৃত ডাকাতরা হলো নোয়াখালী জেলার দুর্গাপুর গ্রামের রাব্বি মিয়া (৩২), মাদারীপুর জেলার চর-লক্ষ্মীপুর গ্রামের আব্দুল মান্নান (২৮), মাইক্রো চালক মাইজবাড়ী গ্রামের মর্তুজা আলী (২৫) ও বরিশাল জেলার বামনদীঘি গ্রামের কবীর হোসেন (৩০)। পলাতক দু’জন হলো মাদারীপুরের জাহাঙ্গীর হোসেন ও আনোয়ার হোসেন। প্রকাশ, উপজেলার মশিপুর গ্রামের বেশ কয়েকজন গরু ব্যবসায়ী পাবনা জেলার বেড়া উপজেলার চতুরহাটে গরু বিক্রি করে টাকা নিয়ে ট্রাক যোগে বাড়িতে ফিরছিলো। বেড়া থেকেই ছয় ডাকাত ট্রাকের পিছু নেয়। সন্ধ্যা সাতটার দিকে ডাকাতরা ট্রাকটিকে নগরবাড়ী-বগুড়া মহাসড়কের শাহজাদপুর উপজেলার জুগনীদহ নামক স্থানে সিগন্যাল দিয়ে থামায়। এ সময় ডাকাতরা র্যাবের পরিচয় দিয়ে গরু ব্যবসায়ীদেরকে নাম ধরে ডেকে ট্রাক থেকে নামতে বলে। ঠান্ডু নামের একজন গরু ব্যবসায়ীকে ট্রাক থেকে নামিয়ে হাতে হ্যান্ডকাপ লাগিয়ে মাইক্রোবাসে তোলার চেষ্টা করে। এ সময় ট্রাকে থাকা অন্য গরু ব্যবসায়ীরা চিত্কার শুরু করলে লোকজন ছুটে আসে। গাছের গুঁড়ি ফেলে জনতা আটকে ফেলে। এ সময় দু’জন মাইক্রোবাসে থাকা ডাকাত পালিয়ে যেতে সক্ষম হলেও চালককে উপস্থিত জনতা আটক করে এবং মাইক্রোটি পুড়িয়ে দেয়।
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) সংবাদদাতা জানান, মঙ্গলবার সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বাঙ্গালা ইউনিয়নের প্রতাপ ও ভাটরা গ্রামে র্যাব পরিচয়ে ৪টি বাড়িতে গণডাকাতি হয়েছে। ডাকাতরা ৫ লক্ষ টাকা ও ৬ ভরি স্বর্ণালঙ্কার লুট, ছুরিকাঘাতে গূহবধূ সেলিনা (৪০) গুরুতর আহত হন।
৮ জানুয়ারি উপজেলার প্রতাপ বাজারে রাত ২টার দিকে র্যাবের পরিচয় দিয়ে আসামি তল্লাশির কথা বলে প্রায় ২০ জনের একটি ডাকাত দল প্রথমে গোলবারের বাড়িতে ঢোকে। এভাবে পার্শ্ববর্তী নুরুল আলী, ইমান আলী ও আজাদ হোসেনের বাড়িতে ঢুকে ডাকাত দল লুটপাট চালায়। এ সময় গূহবধূ সেলিনা তার গায়ের গহনা দিতে রাজি না হওয়ায় তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এদিকে তার একদিন পূর্বে ৭ জানুয়ারি মধ্যরাতে পার্শ্ববর্তী ভাটরা গ্রামে আয়লান মেম্বারের বাড়িতে একইভাবে পুলিশ পরিচয়ে ঘরে ঢুকে নগদ ১ লক্ষ টাকাসহ প্রায় ৩ ভরি সোনার গহনা লুট করে নিয়ে যায়।
আড়াইহাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা জানান, আড়াইহাজারে এক রাতে ৩ বাড়ি ও রাস্তায় গণডাকাতি হয়েছে। মঙ্গলরাব রাতে উপজেলার গোপালদী পৌরসভার রামচন্দ্রদী গ্রামে ও বুধবার ভোরে জালাকান্দী রাস্তায় এই ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতির সময় মুহুর্মুহু ককটেল বিস্ফোরণে গোটা এলাকায় আতংক ছড়িয়ে পড়ে। পুলিশ ও এলাকাবাসী জানায়, রাত পোনে ২টা সময় রামচন্দ্রদী গ্রামের ব্যবসায়ী মিশুর বাড়িতে হামলা চালিয়ে নগদ ১০ হাজার টাকা, মোবাইল ও কাপড়-চোপড়সহ ৫০ হাজার টাকার মালামাল লুটে নেয়। ডাকাত দল যাবার সময় তার ভাই মোজাম্মেলের ঘরের দরজা ভেংগে ঢুকে নগদ টাকা, ১ ভরি স্বর্ণালংকার ও অন্য মালামালসহ লক্ষাধিক টাকার মালামাল লুটে নেয়।
এ সময় এলাকাবাসী ধাওয়া দিলে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ডাকাতদল পালিয়ে যায়। পরে ডাকাত দল একই গ্রামের ব্যবসায়ী জাকিরের বাড়িতে হামলা চালায়। তাদের ডাক-চিত্কারে লোকজন বের হলে ১ ভরি স্বর্ণালংকারসহ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ডাকাত দল পালিয়ে যায়। এক সময় কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায় জনগণ আতংকিত হয়ে যায়। পরে ডাকাত দল বুধবার ভোর ৬টার দিকে বিশন্দদী থেকে ঢাকা যাওয়ার পথে জালাকান্দী নামক স্থানে একটি বাস ও ৪টি সিএনজি থামিয়ে শিক্ষক আদম আলী, নারগিছ, ওচমান ও যাত্রী আলী ও মোজাম্মেলসহ ২০/২২ জন যাত্রীর নিকট থেকে ১০/১৫টি মোবাইল, নগদ টাকাসহ সর্বস্ব লুটে নেয়। ঘটনার সত্যতা স্বীকার করে থানার ওসি সৈয়দ নজরুল ইসলাম জানান, খবর পেয়ে সাথে সাথে পুলিশ পাঠানো হয়েছে।
