প্রচন্ড ঠান্ডা ও শীতে ব্রাহ্মণবাড়িয়ার শিশুরা ডায়রিয়াসহ বিভিন্ন ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হচ্ছে। ১লা জানুয়ারি থেকে আজ পর্যন্ত ডায়রিয়া ও ঠান্ডাজনিত রোগে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ১২২ জন শিশু ভর্তি হয়েছে। এর মধ্যে ডায়রিয়ায় ৫৯ জন ও ঠান্ডাজনিত রোগে ৬৩ জন ভর্তি হয়েছে। বর্তমানে ঠান্ডাজনিত রোগে ৪৯ জন ও ডায়রিয়ায় ১৫ জন রোগী হাসপাতালে ভর্তি রয়েছে। প্রতিদিনই রোগী আসছে বলে হাসপাতাল সূত্রে জানায়।
চাটখিল ও সোনাইমুড়ী (নোয়াখালী) সংবাদদাতা জানান, নোয়াখালী জেলার চাটখিল ও সোনাইমুড়ীতে শিশুদের নিউমোনিয়া রোগের প্রকোপ দেখা দিয়েছে। এ রোগে এই ২ উপজেলায় শতাধিক শিশু আক্রান্ত হয়েছে। জানা গেছে, গত কয়েকদিনের তীব্র শীতে শিশুরা এই রোগে আক্রান্ত হয়েছে। অনেক শিশু চিকিত্সা নিয়ে বাসা-বাড়িতে ফিরে গেছে। ইসলামিক মিশনের সিনিয়র মেডিক্যাল অফিসার ডাঃ শওকত আলী জানান, তীব্র শীতে বাচ্চাদের ফুসফুসে ইনফেকশান হয়। এতে শ্বাসকষ্ট হয় এবং জ্বর দেখা যায়। বাচ্চাদের খাওয়া-দাওয়া বন্ধ হয়ে যায়। এই রোগে আক্রান্তদের উচ্চক্ষমতাসম্পন্ন এন্টিবায়োটিক ওষুধ দিতে হয়। ভাল চিকিত্সা না হলে শিশুদের মারাত্মক অবনতির আশংকা থাকে। এ জন্য বাচ্চাদের শীত থেকে রক্ষার জন্য অতি যত্নবান অভিভাবকদের পরামর্শ দেন তিনি।
