দেশের বিভিন্ন স্থানে চলছে প্রচণ্ড শৈত্যপ্রবাহ। অনেক এলাকায় কুয়াশায় সারাদিন সূর্য ঢাকা থাকছে। শীতার্ত গরিব মানুষ কাঠ-খড় জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে। এ অবস্থায় অনেক বিত্তবান ব্যক্তি, কোন কোন প্রতিষ্ঠান সামান্য পরিমাণ হলেও শীতবস্ত্র বিতরণ করছে। সরকারিভাবে তা এখনো অপ্রতুল। খবর ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের।
মাদারীপুর
স্থানীয় মুক্তিযোদ্ধা ও দুস্থদের মাঝে গতকাল বুধবার রূপালী ব্যাংক মাদারীপুর কার্যালয়ে কম্বলসহ প্রায় ৪শ শীতবস্ত্র বিতরণ করেন ব্যাংক পরিচালক শেখ সিরাজুল হক ফরাজি। এদিকে অগ্রণী ব্যাংক এতিমখানার শিশু, দুস্থ বস্তিবাসী ও নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্তদের মধ্যে শীতবস্ত্র বিরতণ করে। শাহমাদার এতিমখানায় শীতবস্ত্র বিতরণ করেন অগ্রণী ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার মো. আজাদুল ইসলাম।
নাটোর
অসচ্ছল মুক্তিযোদ্ধাদের মাঝে কম্বল বিতরণ করেছেন নাটোর জেলা পরিষদের প্রশাসক এডভোকেট সাজেদুর রহমান খান। গতকাল বুধবার জেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে এ উপলক্ষে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম শিমুল, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার হাবিবুর রহমান প্রমুখ। সভাপতিত্ব করেন জেলা কমান্ডার আব্দুর রউফ। আল আরাফাহ ইসলামী ব্যাংক মুক্তিযোদ্ধাদের জন্য দই শতটি কম্বল দান করে।
হোমনা (কুমিল্লা)
কুমিল্লার হোমনা উপজেলায় ৭ হাজার দরিদ্রের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বুধবার হোমনা সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়, মাথাভাঙা ভৈরব উচ্চ বিদ্যালয় এবং নিলখী লালবাগ মাদরাসা প্রাঙ্গণে তুং হাই গ্রুপের উদ্যোগে ওই সকল শীতবস্ত্র বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন তুং হাই গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও বিজিএমইএ পরিচালক আওয়ামী লীগ নেতা আলহাজ্ব মাহবুবুর রহমান সিআইপি, গণসংগীত শিল্পী রথীন্দ্রনাথ রায়, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি অধ্যক্ষ মো. ইসমাইল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান আবুল প্রমুখ।
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা)
গাইবান্ধার গোবিন্দগঞ্জে স্ট্যান্ডার্ড ব্যাংকের উদ্যোগে গতকাল বুধবার শীতার্ত দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে গোবিন্দগঞ্জ উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ আবুল কালাম আজাদ প্রধান অতিথি ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ আশরাফুজ্জামান বিশেষ অতিথি ছিলেন। উপজেলা পরিষদের হলরুমে স্ট্যান্ডার্ড ব্যাংক গোবিন্দগঞ্জ শাখার ব্যবস্থাপক মোঃ আহসানুল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) অবিদিয় মার্ডী, উপজেলা কৃষি কর্মকর্তা খোরশেদ আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নায়েব আলী। শেষে ব্যাংকের উদ্যোগে ২শ’ জনের মাঝে এবং উপজেলা পরিষদের উদ্যোগে ১ হাজার ৯শ’ ৯০ জনের মাঝে কম্বল বিতরণ করা হয়।
ভূঞাপুর (টাঙ্গাইল)
ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের সহায় সম্বলহীন এক হাজার শীতার্তের মাঝে বাংলাদেশ সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশন সাভার এরিয়ার পক্ষ থেকে বুধবার কম্বল বিতরণ করা হয়। গোবিন্দাসী উচ্চ বিদ্যালয় মাঠে কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবম বেঙ্গল লান্সারের অধিনায়ক লে. কর্নেল মো. সহিদুল ইসলাম পিএসসি, নবম পদাতিক ডিভিশন সদর দপ্তরের মেজর মো. তৌহিদুজ্জামান, গোবিন্দাসী ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম আমিন, গোবিন্দাসী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খন্দকার মোহাম্মদ আলী প্রমুখ।
স্বরূপকাঠি (পিরোজপুর)
ইসলামী ব্যাংক মিয়ারহাট শাখার উদ্যোগে দুঃস্থদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। মংগলবার বিকালে ব্যাংক কার্যালয়ে ১৬০ জন গরীব ,অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল ও চাদর বিতরণ করা হয়। এ সময় শাখা ব্যবস্থাপক মো. মাহমুদ খান,সেকেন্ড অফিসার সৈয়দ মো. জাকির হোসেন,ব্যবসায়ী আলহাজ্ব নজিবুর রহমান তারা মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
কাহালু (বগুড়া)
মঙ্গলবার বিকালে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কাহালু উপজেলা শাখার উদ্যোগে উপজেলার দুঃস্থ শীতার্তদের মাঝে ৫০ পিস শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ফেডারেশনের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করেন বগুড়া জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অধ্যাপক আব্দুল মতিন।
ফুলবাড়ি (দিনাজপুর)
দিনাজপুরের ফুলবাড়ি থেকে প্রকাশিত সাপ্তাহিক দেশ মা পত্রিকার উদ্যোগে গতকাল বুধবার দুপুরে শীতার্ত দুঃস্থ ছিন্নমূল নারী ও পুরুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
বিতরণ করেন সাপ্তাহিক দেশ মা পত্রিকার প্রকাশক ও বিশিষ্ট ব্যবসায়ী রাজু কুমার গুপ্ত’র মাতা শ্রীমতি শান্তি রাণী গুপ্তা।
নড়িয়া (শরীয়তপুর)
নড়িয়া উপজেলায় মঙ্গলবার সন্ধ্যায় নড়িয়া থানায় শীতার্ত অসহায় দুঃস্থ গরীব মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন শরীয়তপুর জেলা পুলিশ সুপার টুটুল চক্রবর্তী।
সুন্দরগঞ্জ (গাইবান্ধা)
উপজেলার সোনালী ব্যাংক লিমিটেড শাখার উদ্যোগে গতকাল বুধবার ব্যাংক ভবনে অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
পরশুরাম (ফেনী)
ফেনী শহরের শান্তি কোম্পানী সড়কে সামাজিক পঞ্চায়েত কমিটির উদ্যোগে বুধবার শীতবস্ত্র বিতরণ ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি ছিলেন ফেনী পৌর সভার মেয়র নিজাম উদ্দিন হাজারী। সামাজিক পঞ্চায়েত কমিটির সভাপতি মোঃ ইব্রাহিম পাটোয়ারী সভাপতিত্ব করেন। অপরদিকে ফেনীতে ইসলামী কলেজ রোড শাখার উদ্যোগে গরীব দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ হয়।
ধামইরহাট (নওগাঁ)
গতকাল বুধবার আদিবাসীদের সংগঠন উপজেলা পারগানা বাইসি কার্যালয়ে জাতিসত্তা মুক্তি সংগ্রাম পরিষদ (জেএমএসপি) নওগাঁ জেলা শাখার উদ্যোগে ৫০ জন শীতার্ত আদিবাসীর মাঝে কম্বল বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন জেএমএসপির নওগাঁ জেলা শাখার সভাপতি গুলু মুরমু, ইউনিয়ন পারগানা নগেন মুরমু, কুরশিদ পাহান, দিনেশ বাস্কে প্রমুখ।
