চট্টগ্রামের মিরসরাইয়ে একটি বিরল প্রজাতির শকুন পাখি উদ্ধার করা হয়েছে। শনিবার ভোরে উপজেলার কাটাছরা থেকে পাখিটি উদ্ধার করে স্থানীয়রা। জানা গেছে, উপজেলার ৭নং কাটাছরা ইউনিয়নের এছাক ড্রাইভারহাট এলাকার হাজী নজিউল্লাহর বাড়িতে গত শনিবার ভোরে গাছ থেকে প্রবল শীতে পুকুরে পড়ে যায় এক বিলুপ্তপ্রায় শকুন। স্থানীয়রা ঘটনাস্থল থেকে উদ্ধার করে এছাক ড্রাইভারহাট বাজারে নিয়ে আসেন। স্থানীয় হারুন অর রশিদ মেম্বার জানান, বিলুপ্তপ্রায় শকুন পাখিটি যথাযথ খাদ্য খেতে না পারায় খুব দুর্বল হয়ে পড়েছে। পাখিটির দৈর্ঘ্য নয়ফুট এবং প্রস্থ সাড়ে চার ফুট। পাখিটির ওজন ১০/১৫ কেজি হতে পারে। বামনসুন্দর বনবিট কর্মকর্তা মাহমুদ হাসান জানান, লোকমুখে শকুনটি আহত হওয়ার খবর পেয়ে দ্রুত এছাক ড্রাইভারহাট এলাকায় গিয়ে তিনি আহত পাখিটিকে উদ্ধার করে সেবাশ্রমে নিয়ে এসেছেন। উন্নত চিকিত্সা শেষে শকুনটির শারীরিক অবস্থা দেখে শকুনটি আনুষ্ঠানিকভাবে ছেড়ে দেয়া হবে বলে জানান বনবিট কর্মকর্তা।
