যমুনা ও ব্র?হ্মপুত্র নদ-নদী বিধৌত অঞ্চল জামালপুরের ৬৮টি ইউনিয়নের মধ্যে ৩২টি ইউনিয়নের ৩০ হাজার হেক্টর জমির রোপা আমন ফসল বিগত বন্যায় ক্ষতিগ্রস্ত হয়। ওইসব রোপা আমন ফসল পুষিয়ে নিতে চাষিরা ক্ষেতে সরিষা ও ভুট্টার চাষ করেছেন। চরাঞ্চলের মানুষ ভুট্টা ও সরিষার চাষ করে বন্যায় ক্ষতিগ্রস্ত ফসলের ক্ষতি পুষিয়ে নেয়ার আশায় এখন কোমর বেঁধে মাঠে নেমেছেন। সরেজমিন ঘুরে দেখা গেছে, বিগত বন্যায় ক্ষতিগ্রস্ত জেলার ইসলামপুর, মেলান্দহ, সরিষাবাড়ী ও বকশীগঞ্জ উপজেলাসমূহের অধিকাংশ রোপা আমন ফসলের মাঠ এবছর সরিষা ফুলের হলুদের সমারোহ। মাঠে মাঠে এখন হলুদ রঙে রঙিন হয়ে উঠেছে। অপরদিকে দেওয়ানগঞ্জ উপজেলার চিকাজানি, চুকাইবাড়ি ও পাররামরামপুর ইউনিয়নসহ বিভিন্ন ইউনিয়নে ক্ষতিগ্রস্ত রোপা আমন ক্ষেতে ভুট্টা চাষ করে বন্যার ক্ষতি পুষিয়ে নেয়ার জন্য কৃষকদের প্রচেষ্টায় শত শত একর জমিতে শোভা পাচ্ছে সারি সারি ভুট্টার ক্ষেত। বিগত বন্যার ক্ষতি পুষিয়ে নেয়ার আশায় মাঠের পর মাঠ ভুট্টা ও সরিষার চাষ করতে কোমর বেঁধে মাঠে নেমেছেন। এবছর জামালপুরের সর্বত্রই ভুট্টা ও সরিষার বাম্পার ফলন হওয়ার আশা করছেন চাষীরা।
