চৌদ্দগ্রামের জিনিদকরা গ্রামের শিল্পপতি আবদুল মতিন চৌধুরী ও তার ভাতিজা জাকারিয়া হোসেন চৌধুরী এলাকার জনগণের দুর্দশা লাঘবে নিজ খরচে ৭’শ ফুট রাস্তা পাকা করে নজির স্থাপন করেছেন। চিওড়া আজগরিয়া সিনিয়র মাদ্রাসা এলাকা থেকে জিনিদকরা কালভার্ট পর্যন্ত রাস্তাটি পাকাকরণের ফলে চিওড়া-জগন্নাথদীঘি ইউনিয়নের হাজার হাজার মানুষের চলাচলে আর কোন দুর্ভোগ পোহাতে হবে না। রাস্তা পাকাকরণ শেষে চৌদ্দগ্রাম পৌরসভার মেয়র মিজানুর রহমান তা উদ্বোধন করেন। এসময় শিল্পপতি আবদুল মতিন চৌধুরী বলেন, শুধু সরকারের দিকে না তাকিয়ে ব্যক্তি দায়বদ্ধতা থেকে সকলকে সামাজিক উন্নয়নে এগিয়ে আসা দরকার। সকল স্বচ্ছল ব্যক্তির একটু প্রয়াস সমাজ উন্নয়নে বিবর্তন ঘটাতে পারে। উল্লেখ্য, আবদুল মতিন চৌধুরী নিজ উদ্যোগে তার বাবা আবদুল কাদের চৌধুরীর নামে গ্রামের বাড়িতে কাদেরিয়া কমপ্লেক্স স্থাপনের মাধ্যমে একটি মাদ্রাসা পরিচালনা করেন। এছাড়া চিওড়া ও জগন্নাথদীঘি ইউনিয়নের ৩০ পরিবারকে ২ রুমের সেমি-পাকা ঘর নির্মাণ করে দিয়েছেন। মাদ্রাসার পাশেই একটি প্রাথমিক বিদ্যালয় স্থাপনের পরিকল্পনা রয়েছে বলে জাকারিয়া হোসেন চৌধুরী জানান।
