আগৈলঝাড়ায় এসএসসি পরীক্ষা কেন্দ্র অনুমোদন
আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতা\ বরিশালের আগৈলঝাড়ায় মাধ্যমিক নতুন একটি পরীক্ষা কেন্দ্রসহ অপর একটি ভেনুর অনুমোদন করেছেন বরিশাল শিক্ষা বোর্ড। উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল কালাম তালুকদার জানান, উপজেলা সদরের ভেগাই হালদার পাবলিক একাডেমী কেন্দ্রের পরীক্ষার চাপ কমাতে ও শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে পাঁচটি স্কুল নতুন পরীক্ষা কেন্দ অনুমোদনের জন্য শিক্ষা বোর্ডে দাখিল করা হয়।
আজমিরীগঞ্জে স্মৃতিস্তম্ভ নির্মাণ শুরু
হবিগঞ্জ প্রতিনিধি \ হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলা সদরে মহান মুক্তিযুদ্ধে শহীদ জগেজ্যাতি দাস বীরউত্তমের স্মৃতিস্তম্ভ নির্মাণ কাজ শুরু হয়েছে। সোমবার স্মৃতিস্তম্ভ নির্মাণের লক্ষ্যে মাটি ভরাট কাজের উদ্বোধন করেন অ্যাডভোকেট আব্দুল মজিদ খান এমপি।
কুবিতে আন্তর্জাতিক কর্মশালা
কুমিল্লা প্রতিনিধি\ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) পরিসংখ্যান বিভাগের উদ্যোগে মঙ্গলবার থেকে এক আন্তর্জাতিক কর্মশালা শুরু হয়েছে। কর্মশালার প্রথমদিনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. আমির হোসেন খান। পরিসংখ্যান বিভাগের চেয়ারম্যান মো. মিজানুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার গোপাল চন্দ সেন ও বিজ্ঞান অনুষদের ডিন ড. আবু তাহের।
মৌলভীবাজারের জেলা প্রশাসকের মতবিনিময়
মৌলভীবাজার প্রতিনিধি \ মৌলভীবাজারে জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান মঙ্গলবার জেলা কালেক্টরেটে জেলা সদরে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেন। মতবিনিময় সভায় সাংবাদিকরা জেলার সমস্যা তুলে ধরেন।
হবিগঞ্জে শিক্ষাবৃত্তি প্রদান
হবিগঞ্জ প্রতিনিধি\ হবিগঞ্জে মুক্তিযোদ্ধা কমান্ড্যান্ট মানিক চৌধুরী শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। দু’টি কলেজের ৬ জন শিক্ষার্থীকে এ বৃত্তি প্রদান করা হয়। মুক্তিযোদ্ধা মানিক চৌধুরীর ২২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার হবিগঞ্জ সরকারি মহিলা কলেজে আনুষ্ঠানিকভাবে এ বৃত্তি প্রদান করা হয়।
কাশিয়ানীতে কাজী ও তার পুত্রের কারাদণ্ড
কাশিয়ানী সংবাদদাতা\ মঙ্গলবার কাশিয়ানীতে ভ্রাম্যমাণ আদালত বাল্যবিবাহের অপরাধে এক কাজী ও তার পুত্রকে ১ মাস করে কারাদণ্ড প্রদান করেছে। উপজেলার ফুকরা ইউনিয়নের তারইল গ্রামের জিন্দার শেখের মেয়ে ১০ম শ্রেণীর ছাত্রী শাবনুর খানমকে (১৫) একই গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে তিহান শেখ (২০) ৬ জানুয়ারি কাবিন রেজিঃ কাজী মৌলভী আবুল খায়েরের ছেলে আবুল বাসারের সহযোগিতায় জোরপূর্বক বিবাহ করে। কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজীকে গ্রেফতার করে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কাজী আবুল খায়ের ও তার পুত্র আবুল বাসারকে ১ মাসের কারাদণ্ড প্রদান করে জেল হাজতে পাঠিয়েছে।
সদরপুরে ছাত্রদলের কমিটি গঠন
সদরপুর (ফরিদপুর) সংবাদদাতা \ ফরিদপুরের সদরপুর উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন কমিটি সমপ্রতি গঠন করা হয়েছে। মোল্লা মোঃ জাফরকে সভাপতি, মোল্লা মোঃ সেহেলকে সিনিয়র সহ-সভাপতি, সিকদার নজমুল হাসান রাজুকে সাধারণ সম্পাদক ও হেদায়েত হোসেন হিরুকে যুগ্ম সাধারণ সম্পাদক করে ৭ সদস্যবিশিষ্ট একটি কাযনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
ঈশ্বরদীতে সাংবাদিকদের মতবিনিময় সভা
ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা\ স্থানীয় সরকার ব্যবস্থা শক্তিশালী করতে ঈশ্বরদীতে সাংবাদিকদের সাথে দাশুড়িয়া ইউনিয়নের সিবিও সদস্যদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সিভিপিআইসি প্রকল্পের আওতায় এবং এমএমসির সহায়তায় মঙ্গলবার স্থানীয় সরকার সাংবাদিক ফোরাম পাবনা জেলা শাখা ঈশ্বরদী প্রেসক্লাবে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ফোরামের জেলা সভাপতি স্বপন কুমার কুন্ডু।
উজিরপুরে আওয়ামী লীগের মিছিলে সংঘর্ষ
বরিশাল অফিস\ উজিরপুর উপজেলা পৌরসভা ঘোষণা দেয়ায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের আনন্দ মিছিলে সংঘর্ষের ঘটনা ঘটেছে। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে উজিরপুরকে পৌরসভা ঘোষণা দেয়ার পর মঙ্গলবার আনন্দ মিছিল বের করে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
কাশিয়ানীতে মত্স্য সংরক্ষণ প্রশিক্ষণ
কাশিয়ানী (গোপালগঞ্জ) সংবাদদাতা \ গোপালগঞ্জ জেলা মত্স্য অধিদপ্তরের উদ্যোগে মত্স্য সংরক্ষণে ফরমালিনের অপব্যবহার প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধি শীর্ষক প্রশিক্ষণ গতকাল বুধবার কাশিয়ানী উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণে উপস্থিত ছিলেন কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল লতিফ, গোপালগঞ্জ জেলা সহকারী মত্স্য পরিচালক মো. বেলাল হোসেন পাটোয়ারী, কাশিয়ানী উপজেলা মত্স্য কর্মকর্তা বীজন কুমার নন্দী, ইত্তেফাক সংবাদদাতা শেখ আহাদুল হাসান প্রমুখ।
হোমনায় কম্পিউটার প্রশিক্ষণ কোর্স
হোমনা সংবাদদাতা \ বুধবার কুমিল্লা হোমনা উপজেলা পরিষদের উদ্যোগে হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয় মিলনায়তনে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকদের মাসব্যাপী কম্পিউটার প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়। বিএনপি স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী এমকে আনোয়ার এমপি অনুষ্ঠানের উদ্বোধন করেন। ইউএনও মো. হেলাল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান জহিরুল হক।
বাহুবলে সড়ক দুর্ঘটনায় নিহত এক
হবিগঞ্জ প্রতিনিধি \ ঢাকা-সিলেট মহাসড়কে বাহুবল উপজেলার তুগলি নামকস্থানে ট্রাক সিএনজি অটোরিকশা সংঘর্ষে মঙ্গলবার ৫ যাত্রী আহত হয়েছে। আহতদের হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নেয়ার পর হাসন আলী (৬০) মারা যান। গুরুতর আহত মাষ্টার মুজিবুর রহমান (৩৫) ও অটোরিকশা চালক মতলিব মিয়াকে (৩০) সিলেট এমএজি ওসমানি মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
ফরিদপুরে ডাকাতি
ফরিদপুর প্রতিনিধি \ ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের হোগলাকান্দি গ্রামে কাপড় ব্যবসায়ী বিকাশ শীলের বাড়ির গ্রীলের তালা ও দরজা ভেঙ্গে স্বর্ণালংকারসহ প্রায় চার লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে গেছে ডাকাতরা। মঙ্গলবার ১২/১৪ জনের ডাকাতদল তালা ও দরজা ভেঙ্গে ঘরে ঢুকে বাড়ির সদস্যদের জিম্মি করে ছয় ভরি স্বর্ণালংকার, মোবাইলসেট ও নগদ ৬৫ হাজার টাকাসহ আনুমানিক চার লক্ষ টাকার মালামাল লুটে নেয়।
টেকনাফে ২৪ রোহিঙ্গার পুশব্যাক
টেকনাফ (কক্সবাজার) সংবাদদাতা \ টেকনাফ সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশকালে ২৪ রোহিঙ্গাকে ফেরত পাঠিয়েছে বিজিবি। গতকাল বুধবার ভোরে টেকনাফ নাইট্যংপাড়া সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশকালে ২৪ রোহিঙ্গাকে আটক করে বিজিবি। পরে মানবিক সহযোগিতায় আটককৃতদের সীমান্ত পয়েন্ট দিয়ে স্বদেশে ফেরত পাঠিয়েছে বলে জানিয়েছেন ৪২ ব্যাটালিয়ন বিজিবির উপ- অধিনায়ক মেজর সফিকুর রহমান।
রাজৈরে বিনামূল্যে ওষুধ বিতরণ
টেকেরহাট (মাদারীপুর) সংবাদদাতা \ রাজৈরে উপজেলার আমগ্রামে প্রাণী সম্পদ দপ্তরের উদ্যোগে ও ইউপি চেয়ারম্যান মো. জমিরউদ্দিন খানের অর্থায়নে বুধবার বিনামূল্যে গবাদি পশুর চিকিত্সা সেবা ও ওষুধ বিতরণ করা হয় । আমগ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. জমিরউদ্দিন খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রাণী সম্পদ কর্মকর্তা মাহফুজুল হক ও ফিল্ড অফিসার মাহবুবুল আলম ও টিটু মাতব্বর প্রমুখ।
ফেনীতে জনসচেতনতায় আলোচনা সভা
পরশুরাম সংবাদদাতা \ জেলা প্রশাসন ও তথ্য অফিসের আয়োজনে বুধবার ফেনীতে খাদ্যে ভেজাল ও ক্ষতিকর রাসায়নিক দ্রব্যের মিশ্রণ ও জনস্বাস্থ্যের হুমকি প্রতিরোধে জনসচেতনতা উদ্বুদ্ধ করার লক্ষ্যে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শফিউল আরিফের সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল হক।
মনোহরগঞ্জে প্রবাসীর বাড়িতে ডাকাতি
মনোহরগঞ্জ (কুমিল্লা) সংবাদদাতা\ কুমিল্লা মনোহরগঞ্জে সাকতলা গ্রামে প্রবাসী আব্দুর রহমানের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। ১৫/১৬ জনের মুখোশধারী ডাকাত দল ঘরের দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ আড়াই লক্ষ টাকা, ৭ ভরি স্বর্ণালংকার, ৩টি মোবাইলসেটসহ ঘরে থাকা অন্যান্য মালামাল লুট করে।
চাটমোহরে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
চাটমোহর (পাবনা) সংবাদদাতা\ চাটমোহর উপজেলার হরিপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে সম্প্রতি প্রাথমিক সমাপনী পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়। ঐ ইউনিয়নের ২০ জন ছাত্রছাত্রীকে সংবর্ধনা দেয়া হয়। ইউপি চেয়ারম্যান মোঃ মকবুল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন অধ্যক্ষ মহিউদ্দিন মিয়া, প্রভাষক আফজাল হোসেন প্রমুখ।
নান্দাইলে বিদ্যুত্স্পষ্টে অন্তঃসত্ত্বার মৃত্যু
নান্দাইল (ময়মনসিংহ) সংবাদদাতা\ ময়মনসিংহের নান্দাইল উপজেলার মুশুলী ইউনিয়নের মোরাগালা গ্রামে বুধবার বিদ্যুতের তারে জড়িয়ে ৭ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু হয়েছে। ওই গ্রামে চান মিয়ার স্ত্রী হালিমা আক্তার(৩০) রান্নাঘরে কাজ করার সময় হঠাত্ বিদ্যুতের তার ছিঁড়ে তার শরীরের ওপর পড়ে। এ সময় ঘটনাস্থলে তার মৃত্যু হয়। গৃহবধূর স্বামী চান মিয়া জানান, তার স্ত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা ছিল।
রূপগঞ্জে দুর্ঘটনায় নিহত এক
রূপগঞ্জ সংবাদদাতা\ ঢাকা-সিলেট মহাসড়কের নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার বলাইখা নামক স্থানে গতকাল বুধবার রাস্তা পারাপারের সময় অজ্ঞাত মহিলার মৃত্যু হয়েছে। ঘন কুয়াশায় একাধিক যানবাহনের চাকায় পিষ্ট হয়ে হাত-পা, মাথা লাশের শরীর থেকে আলাদা হয়ে গেছে।
নীলফামারীতে ভয়াবহ লোডশেডিং
নীলফামারী প্রতিনিধি\ হাড়কাঁপানো শীতে জনজীবন যখন বিপর্যস্ত তখন ভয়াবহ লোডশেডিং আরো বিপাকে ফেলেছে বিদ্যুত্ গ্রাহকদের। কনকনে শীতেও ঘণ্টার পর ঘণ্টা লোডশেডিং অতিষ্ঠ করে তুলেছে। বিদ্যুত্ বিভাগ জানায়, গত ৪-৫ দিন থেকে ১০-১১ মেগাওয়াট চাহিদার মাত্র ৩-৪ মেগাওয়াট বিদ্যুত্ সরবরাহ করায় জেলার প্রতিটি ফিডারে ঘণ্টার পর ঘণ্টা লোডশেডিং করতে হচ্ছে। কোন কোন ফিডারে দিনে ৮-১০ ঘণ্টা লোডশেডিং করতে হচ্ছে।
হাজীগঞ্জে দুর্ধর্ষ ডাকাতি
হাজীগঞ্জ (চাঁদপুর) সংবাদদাতা\ হাজীগঞ্জে একই রাতে ২টি বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। জানা যায় ৮ জানুয়ারি রাত আনুমানিক ১টার দিকে উপজেলার র্িখলপাড়া মিয়াজি বাড়ির সৌদি প্রবাসী মো. রুবেল হোসেন মিয়াজির ঘরের দরজা ভেঙ্গে মুখোশপরা ডাকাতদল লোকজনকে হাত-পা বেঁধে ডাকাতি করে। ডাকাতের হামলায় নাসিকোট চারিয়ানি গ্রামের দেলোয়ার হোসেন (৩৫), মো. রুবেল হোসেন (২৬), আবু হানিফ (২৫) আহত হয়। এদের মধ্যে দেলোয়ারের অবস্থা আশংকাজনক। এদিকে একই রাতে পাশের গ্রাম ব্রাহ্মণগাঁও প্রধানিয়া বাড়ির প্রবাসী ওয়ালিউল্লাহর ঘরে রাত দেড়টার দিকে সংঘবদ্ধ ডাকাত দল দরজা ভেঙ্গে প্রবেশ করে ঘরের লোকজনকে জিম্মি করে ডাকাতি করে।
রাজারহাট সদর বণিক সমিতির কমিটি
রাজারহাট সংবাদদাতা\ কুড়িগ্রামের রাজারহাট উপজেলা সদর বণিক সমিতির বার্ষিক নির্বাচন উপলক্ষে গতকাল বুধবার সমিতির কার্যালয়ে বণিক সমিতির সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী মো. আমজাদ হোসেনের সভাপতিত্বে সাধারণ সভা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন বণিক সমিতির প্রধান উপদেষ্টা ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আবুনূর মো. আক্তারুজ্জামান। সভাশেষে আলোচনা সাপেক্ষে সর্বসম্মতিক্রমে ২০১৩ বার্ষিক নির্বাচনে পুনরায় মো. আমজাদ হোসেনকে সভাপতি, মো. আব্দুর রাজ্জাককে সাধারণ সম্পাদক নির্বাচিত করে কমিটি গঠন করা হয়।
