ভারতে ১০ বছর পর রেলের ভাড়া বাড়ল

আপডেট : ০৯ জানুয়ারি ২০১৩, ২২:০২
ভারতে দীর্ঘ ১০ বছর পর রেলের ভাড়া বৃৃদ্ধি করেছে দেশটির রেল মন্ত্রণালয়। কেন্দ্রীয় সরকারের বাজেটের এক মাস আগে ১২-২০ শতাংশ হারে ভাড়া বাড়ানোর এ সিদ্ধান্ত নেয়া হলো। আগামী ২১ জানুয়ারি মধ্যরাত থেকে এই বর্ধিত ভাড়া কার্যকর হবে বলে গতকাল সাংবাদিক সম্মেলনে জানান রেলমন্ত্রী পবন বনশাল। খবর টাইমস অব ইন্ডিয়া ও এনডিটিভির। রেলমন্ত্রী জানান, এই ভাড়া বাড়ানোর ফলে বছরে ৬ হাজার ৬ শত কোটি রুপি অতিরিক্ত আয় হবে। প্রতি কিলোমিটারে স্লিপার ক্লাসে ৬ পয়সা, এসি চেয়ারে ১০ পয়সা, শহরাঞ্চলে লোকাল ট্রেনে ৩ পয়সা শহরতলিতে লোকাল ট্রেনে ২ পয়সা বাড়ানো হয়েছে। আগামী বাজেটে আর ভাড়া বাড়ানো হবে না। তিনি আরো জানান, ২০১০-১১ অর্থ বছরে রেলের লোকসান হয়েছে ২০ হাজার কোটি রুপি। চলতি অর্থ বছরে ২৫ হাজার কোটি রুপি লোকসান হবে।