বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের চাকরি জাতীয়করণে গতকাল বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণায় বেতাগীর ৪৬টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৮৪ জন শিক্ষকের পরিবারে হতাশা দূর হয়েছে। তাদের পরিবারগুলোতে বইছে আনন্দের বন্যা। চাকরির নিশ্চয়তা পাওয়ায় তারা যেন নতুন জীবন ফিরে পেয়েছে।
উপজেলার কবি নজরুল রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হাবিবুর রহমানের চাকরির বয়স প্রায় ৫৮ বছর। চাকরি সরকারি করার ঘোষণায় তার পরিবারের সবাই খুশি। তার মা খায়রুননেছা (৮৮) এক প্রতিক্রিয়ায় বলেন, আগে চাকরি করলেও আমার ছেলের কোনো মূল্যায়ন ছিল না। আমার জীবনের শেষ সময়ে তার মূল্যায়ন হওয়ায় আমি খুশি। কিসমত করুনা গ্রামের সহকারী শিক্ষক আশরাফ আলীর স্ত্রী ফাতিমা বেগম বলেন, তার স্বামীর চাকরি সরকারি করায় এখন থেকে তার পরিবারের কষ্ট অনেকটা লাঘব হবে। আশরাফের মতো উত্তর ঝোপখালি রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সেলিনা পারভিন, উত্তর ভোলানাথপুর রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আব্দুল হাকিম, পূর্ব বেতাগী আদর্শ রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক রনজিত চন্দ্র শীলসহ সকল শিক্ষকের মাঝে আনন্দ বিরাজ করছে। এ খবরে খুশি এলাকার জনপ্রতিনিধিরাও। বেতাগী উপজেলা চেয়ারম্যান এবিএম গোলাম কবির বলেন, সরকার যৌক্তিক দাবি বাস্তবায়ন করায় শিক্ষকদের মাঝে নতুন আশার সঞ্চার হলো। বরগুনা-২ আসনের এমপি গোলাম সবুর টুলু বলেন, প্রধানমন্ত্রীর মহানুভবতায় শিক্ষকরা সুদিন ফিরে পেল।
বরিশালে আওয়ামী লীগের আনন্দ মিছিল
বরিশাল অফিস জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল করেছে বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগ। গতকাল বিকেলে নগরীর সোহেল চত্ত্বরস্থ দলীয় কার্যালয়ে মিছিল পূর্ব সমাবেশে বক্তৃতা করেন মহানগর আওয়ামী লীগ সভাপতি সিটি মেয়র শওকত হোসেন হিরন, সাধারণ সম্পাদক এডভোকেট আফজালুর করিম, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এডভোকেট তালুকদার মোঃ ইউনুস এমপি প্রমুখ। সমাবেশ শেষে সিটি মেয়র শওকত হোসেন হিরনের নেতৃত্বে একটি আনন্দ মিছিল নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
