অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, তেলের দাম বাড়ানোর প্রতিবাদে বামপন্থীদের হরতাল ডাকার সিদ্ধান্ত রাষ্ট্র পরিচালনায় বামপন্থী দলগুলোর অনভিজ্ঞতার প্রতিফলন। তিনি বলেন, ‘বাম দল হরতাল করছে, আশ্চর্য হইনি। তারা তত্ত্বের উপর নির্ভরশীল। আমাদের কিছু বলার নেই, এটা ভোটাররাই বলে।’
অর্থমন্ত্রী বলেন, আমি আগেও বলেছি, তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে যারা হরতাল দেয় তারা উন্মাদ। এটা সম্পূর্ণ পাগলামি। এটা উম্মাদের কাজ। গতকাল বুধবার সচিবালয়ে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি ও সরকারি ক্রয় কমিটির বৈঠক শেষে অর্থমন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন।
গত ৩ জানুয়ারি সরকার চার ধরনের জ্বালানি তেলের দাম লিটারে পাঁচ থেকে সাত টাকা করে বাড়ায়। বর্তমান সরকারের সময় এ নিয়ে পঞ্চমবার জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে। আগামী ১৬ জানুয়ারি এর প্রতিবাদে আধাবেলা হরতাল ডেকেছে সিপিবি, বাসদসহ কয়েকটি বামপন্থী দল। এর আগে জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে গত ৬ জানুয়ারি দেশব্যাপী হরতাল ডাকে বিএনপিসহ ১৮ দল। অর্থমন্ত্রী বলেন, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে বিএনপি হরতাল করে কিভাবে? কারণ তারা ক্ষমতায় থাকাকালে তেলের দাম ১৩৭ শতাংশ বাড়িয়েছিল। আমাদের সময় বেড়েছে ৪০ শতাংশের মতো। আন্তর্জাতিক বাজারে মূল্য বাড়লে আমাদের প্রতিবেশী দেশগুলোতে তেলের দাম বাড়ানো হয় উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, আর আমরা এ খাতে ভর্তুকি দিয়ে থাকি।
