নির্দলীয় সরকারের নিশ্চয়তা পেলে সংসদে যাবে বিএনপি

আপডেট : ০৯ জানুয়ারি ২০১৩, ২২:০৭
বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক বলেছেন, ‘নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার সংবিধানে পুনঃ-সংযোজনের নিশ্চয়তা পেলেই আমরা সংসদে যোগ দেব। সরকার গত চার বছরে সংসদকে অকার্যকর করে রেখেছে। বিরোধীদলের প্রতি সম্মান দেখাতে পারেনি। আগামী নির্বাচনের জন্য যেকোনো জায়গায় সংলাপের জন্য বিএনপি প্রস্তুত।’ গতকাল বুধবার জাতীয় প্রেসক্লাবে যুব জাগপা আয়োজিত যুব সমাবেশে তিনি একথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মুক্তি, আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান ও রুহুল কবির রিজভীর অবরুদ্ধ অবস্থা থেকে মুক্তির দাবিতে এ যুব সমাবেশের আয়োজন করা হয়। ইনসান আলম আক্কাসের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন জাগপা সভাপতি শফিউল আলম প্রধান, সাধারণ সম্পাদক খন্দকার লুত্ফর রহমান প্রমুখ। জয়নুল আবদিন ফারুক বলেন, রাস্তায় শুধু গাড়ি ভাঙচুর আর পিকেটিং করলে সরকারের পতন হবে না। সরকার পতনের কৌশল খালেদা জিয়ার জানা আছে। বিএনপি সংঘাত ও সংঘর্ষের রাজনীতি চায় না। কারাবন্দি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুলের মুক্তির দাবি জানিয়ে ফারুক সরকারের উদ্দেশে বলেন, এখন মুক্তি না দিলেও জনগণের চাপে একদিন আপনারা তাকে মুক্তি দিতে বাধ্য হবেন।