সংসদে এসে শেষ সুযোগ নিন

আপডেট : ০৯ জানুয়ারি ২০১৩, ২২:০৭
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম বিরোধীদলীয় নেতা খালোদা জিয়াকে নৈরাজ্যের রাজনীতির পরিহার করে সংসদে আসার আহ্বান জানিয়ে বলেছেন, শুধু সদস্য পদ রক্ষার জন্য নয়, জনগণের অধিকার আদায়ের লক্ষ্যে সংসদে আসুন। অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা নিয়ে সংসদে আলোচনার এটাই আপনাদের শেষ সুযোগ। এ সুযোগ কাজে লাগিয়ে সংসদে আপনাদের প্রস্তাব তুলে ধরুন। আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য আওয়ামী লীগ মাঠে নেমেছে উল্লেখ করে তিনি বলেন, আপনারা কালক্ষেপণ করলে পিছিয়ে পড়বেন। গতকাল বুধবার দুপুরে বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সম্মিলিত আওয়ামী সমর্থক জোট আয়োজিত শোভাযাত্রা পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সংঘাত নয়, এখন আলোচনার যুগ উল্লেখ করে মোহাম্মদ নাসিম বলেন, সংবিধান অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকারের অধীনেই ২০১৪ সালের জানুয়ারি মধ্যে আগামী নির্বাচন হবে। বিএনপি অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা নিয়ে কোন প্রস্তাব দিলে গোপনে নয়, সংসদে উন্মুক্ত আলোচনা হবে। দেশের সকল মিডিয়ার মাধ্যমে বিশ্ববাসী তা দেখবে। আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম বলেন, খালেদা জিয়া জামায়াতের আমির হিসেবে যুদ্ধাপরাধীদের বাঁচানোর দায়িত্ব নিয়েছেন। কিন্তু যতই ষড়যন্ত্র করুন না কেন এদের বিচার হবেই। যুদ্ধাপরাধীদের বিচার বানচালের ক্ষমতা কারোর নেই। সংগঠনের সভাপতি আব্দুল হক সবুজের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাবেক সহ-দপ্তর সম্পাদক সহিদুল ইসলাম মিলন, ওলামা লীগের সভাপতি ইলিয়াস হোসাইন বিন হেলালী প্রমুখ।