বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচ

আপডেট : ২৬ নভেম্বর ২০১৮, ২১:১২

দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হওয়ার খবর পাঠিয়েছেন ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতারা।

টেকেরহাট (মাদারীপুর): সোমবার ভোরে রাজৈরে একটি গাছের চারা বোঝাই পিকআপ ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চালকসহ দুজন নিহত এবং দুজন আহত হয়েছেন। নিহতরা হলেন চালক মোহাম্মাদ আলীর (৩৫) ও গাছের চারার মালিক খোকন (৩৫)। ওসি জিয়াউল মোর্শেদ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নেত্রকোনা: রবিবার রাতে নেত্রকোনা-কেন্দুয়া সড়কের মনাং ইটখলার কাছে সড়ক দুর্ঘটনায় আহত পিইসি পরীক্ষার্থী ঢাকায় নেওয়ার পথে মারা গেছে। তার নাম রাসেল (১২)।

সাতক্ষীরা:সোমবার সকালে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর সড়কের আলীপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একজন নিহত হয়েছেন। তবে নিহতের নাম পরিচয় জানা যায়নি।

সাতক্ষীরা সদর থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, স্থানীয়রা ঘাতক ট্রাকটি জব্দ করে থানায় সোপর্দ করেছে। নিহতের লাশ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ধামইরহাট (নওগাঁ): রবিবার ধামইরহাটে ট্রাক্টরের ধাক্কায় এক পিইসি পরীক্ষার্থী মাসুম (১১) নিহত হয়েছে। এ সময় আবু রায়হান নামে আরও একজন গুরুতর আহত হয়েছে।

ধামইরহাট থানার ওসি জাকিরুল ইসলাম জানান, মাসুম ও রায়হান পিইসি পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে ইসবপুরে আসে। এ সময় পিছন দিক থেকে একটি ট্রাক্টর চাপা দিলে ঘটনাস্থলেই মাসুম মারা যায়।

চট্টগ্রাম: সোমবার দুপুরে চট্টগ্রামের সন্দ্বীপে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে একটি বাস খাদে পড়ে যায়। এতে ওই বাসের ১২ জন পিইসি পরীক্ষার্থী আহত হয়েছে।

সন্দ্বীপ থানার ওসি মো. শাহজাহান বলেন, খাদে পড়া বাসটির আরোহী পিইসি পরীক্ষার্থীদের কেউই ভাগ্যবশত গুরুতর আহত হয়নি। তাদের প্রাথমিক চিকিত্সা দেওয়া হয়েছে।