আর্থিক শৃংখলার জন্য কেন্দ্রীয় ব্যাংক শক্তিশালীকরণের বিকল্প নেই :ফরাসউদ্দিন

আপডেট : ১০ জানুয়ারি ২০১৩, ১৯:৫০
দেশের আর্থিক খাতের শৃংখলা বজায় রাখতে কেন্দ্রীয় ব্যাংকের শক্তিশালী ভূমিকা পালনের বিকল্প নেই। এজন্য কেন্দ্রীয় ব্যাংকের পরিদর্শন কর্মকর্তাদের যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে যথাযোগ্যভাবে গড়ে তুলতে হবে। এ কাজের জন্য সম্ভাব্য সকল প্রশিক্ষণ ও প্রস্তুতি গ্রহণ করতে সংশ্লিষ্টদের এগিয়ে আসা প্রয়োজন। ব্যাংকিং খাতে সামপ্রতিককালে সংঘটিত বিভিন্ন অনিয়ম ও জাল-জালিয়াতি উদঘাটনের বিভিন্ন কলাকৌশলের উপর আয়োজিত এক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের প্রাক্তন গভর্নর ও শিক্ষাবিদ ড. মোহাম্মদ ফরাসউদ্দিন এসব কথা বলেন। গত বুধবার বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গীর আলম কনফারেন্সে অনুষ্ঠিত ওই প্রশিক্ষণ কোর্স শেষে অংশগ্রহণকারীদের মধ্যে সার্টিফিকেট বিতরণ করেন গভর্নর ড. আতিউর রহমান। এসময় বাংলাদেশ ব্যাংকের প্রাক্তন ডেপুটি গভর্নর খোন্দকার ইব্রাহিম খালেদ, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোঃ আহসান উল্লাহসহ অনেকেই উপস্থিত ছিলেন। বাংলাদেশ ইন্সটিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) সহায়তায় বাংলাদেশ ব্যাংকের ন্যাশনাল ফ্রড রিস্ক ডিটেকশন এন্ড মিটিগেশন এডভাইজার মোহাম্মদ হোসেন দশদিন ব্যাপী বিশেষ এ প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করেন। বাংলাদেশ ব্যাংকের পরিদর্শন সংশ্লিষ্ট বিভিন্ন বিভাগের মোট ২৬ জন কর্মকর্তা এতে অংশগ্রহণ করেন। বাংলাদেশ ব্যাংকের সার্বিক নজরদারি আরো সমন্বিত, কার্যকরী ও শক্তিশালী করতে সমপ্রতি গৃহীত ২৮টি পদক্ষেপ এর কথা উল্লেখ করে গভর্নর বলেন, কর্মকর্তাদের যথাযোগ্য করে গড়ে তুলতে নিয়মিতভাবে এ ধরনের প্রশিক্ষণ নিয়মিত আয়োজন করা হবে। খোন্দকার ইব্রাহিম খালেদ দক্ষতার সাথে সততা নিশ্চিতকরণের বিষয়টিকে গুরুত্বের সাথে উল্লেখ করেন। মো. আহসানউল্লাহ সনাতন পরিদর্শন পদ্ধতিকে আরো শক্তিশালী করতে ঝুঁকিভিত্তিক পরিদর্শন ও সার্টিফাইড ব্যাংক পরীক্ষক গড়ে তোলার কথা বলেন।