দীর্ঘ ৮ বছর পর আগামী ১৮ জানুয়ারি আখাউড়া উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সম্মেলনকে ঘিরে তৃণমূল নেতা-কর্মীদের মাঝে চলছে হিসাব-নিকাশ ও উত্সাহ-উদ্দীপনা।
জানা যায়, ২০০৪ সালের ৮ মার্চ সর্বশেষ আখাউড়া আওয়ামী লীগের সম্মেলনে সভাপতি পদে বর্তমান উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শেখ বোরহান উদ্দিন ও সাধারণ সম্পাদক পদে গাজী আব্দুল মতিন নির্বাচিত হন। ২০০৭ সালে এই কমিটির মেয়াদ পার হয়ে গেলেও সম্মেলন অনুষ্ঠিত হয়নি।
এদিকে আসন্ন সম্মেলনকে ঘিরে চলছে জোর প্রস্তুতি। বর্তমান সভাপতি শেখ বোরহান উদ্দিন ও সাধারণ সম্পাদক গাজী আব্দুল মতিন পুনরায় নির্বাচিত হতে ব্যাপক তত্পরতা চালাচ্ছেন। তবে সভাপতি পদে নতুন করে প্রার্থী হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক মেয়র নুরুল হক ভূইয়া, বর্তমান কমিটির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী ভূইয়া ও আওয়ামী লীগ নেতা আবুল কাশেম।
সাধারণ সম্পাদক পদে বর্তমান কমিটিরি যুগ্ম সাধারণ সম্পাদক মনির হোসেন বাবুল, উপজেলা যুবলীগের বর্তমান আহ্বায়ক মনির হোসেনের নাম শোনা যাচ্ছে। অপরদিকে বর্তমান মেয়র ও যুবলীগ নেতা তাকজিল খলিফা কাজল সম্মেলনে সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে একাধিক সূত্র জানিয়েছে। সূত্র জানায়, তিনি যদি প্রার্থী হন তাহলে আখাউড়া আওয়ামী লীগের হিসেব-নিকেশ অনেকটাই পাল্টে যাবে। এদিকে দলের অঙ্গ সংগঠনের তৃণমূল নেতারা তরুণ নেতৃত্ব চাচ্ছেন বলে সূত্রটি জানায়।
