জাতীয় মহিলা দাবা

শিরোপা ফিরে পেলেন শিরিন

আপডেট : ১০ জানুয়ারি ২০১৩, ২০:৪৫
নতুন বছরটা ভালো ভাবেই শুরু করলেন দাবাড়ু শারমিন সুলতানা শিরিন। বছরের শুরুতেই একটা শিরোপা ঘরে তুলে ফেললেন এই কৃতী দাবাড়ু। হারানো শিরোপা উদ্ধার করেছেন শিরিন। গতকাল সুলতানা কামাল ৩৩তম জাতীয় মহিলা দাবা চ্যাম্পিয়নশিপে তিতাস ক্লাবের শারমিন সুলতানা শিরিন অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন। শিরিন ১১ খেলায় সাড়ে নয় পয়েন্ট পেয়েছেন। জাতীয় মহিলা দাবায় শিরিনের এটি দ্বিতীয় শিরোপা। ২০০৯ সালে তিনি প্রথমবার চ্যাম্পিয়ন হন। গতবারের জাতীয় মহিলা চ্যাম্পিয়ন নারায়ণগঞ্জ প্রিতম-প্রিজম চেস ক্লাবের আন্তর্জাতিক মহিলা মাস্টার শামীমা আক্তার লিজা রানারআপ হয়েছেন। লিজার পয়েন্ট নয়। আট পয়েন্ট পেয়ে তিতাস ক্লাবের মহিলা ফিদে মাস্টার নাজরানা খান ইভা তৃতীয়, সাড়ে সাত পয়েন্ট নিয়ে আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ চতুর্থ স্থান লাভ করেন। অগ্রণী ব্যাংকের মহিলা ফিদে মাস্টার জাকিয়া সুলতানা সাড়ে ছয় পয়েন্ট নিয়ে পঞ্চম, সামিহা শারমীন সিম্মী ছয় পয়েন্ট নিয়ে ষষ্ঠ, প্রতিভা তালুকদার পাঁচ পয়েন্ট নিয়ে সপ্তম, চার পয়েন্ট করে নিয়ে তানজিনা আক্তার তানি অষ্টম এবং হামিদা খান নবম, সাড়ে তিন পয়েন্ট নিয়ে মাহমুদা হক চৌধুরী দশম এবং তিন পয়েন্ট নিয়ে ফারজানা হোসেন এ্যানি একাদশ স্থান পান। গতকাল দাবা কক্ষে অনুষ্ঠিত শেষ রাউন্ডের খেলায় শিরিন জাকিয়াকে, ইভা মলিকে এবং প্রতিভা হামিদকে পরাজিত করেন। লিজা রানী হামিদের সাথে ড্র করেন। সিম্মী এ্যানির বিরুদ্ধে এবং তানি মনির বিরুদ্ধে ওয়াক-ওভার পান। গতকাল খেলা শেষে পুরস্কার বিতরণ করেন দাবা ফেডারেশনের সহ-সভাপতি কেএম শহীদউল্লা।