জমে উঠেছে পার্বতীপুরে ইউপি উপ-নির্বাচন

আপডেট : ১০ জানুয়ারি ২০১৩, ২০:৪৬
আর মাত্র কয়েকদিন অনুষ্ঠিত হবে দিনাজপুরের পার্বতীপুর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের উপ-নির্বাচন। ইউনিয়নের ৯টি ওয়ার্ডে চলছে নির্বাচনী প্রচারণা। চেয়ারম্যান প্রার্থী ও স্ব-স্ব কর্মীদের চোখে ঘুম নেই। ছুটছে ভোটারদের দ্বারে দ্বারে। চাইছে ভোট ও দোয়া। হোটেলে-রেস্তোরাঁয় চলছে প্রার্থীদের নিয়ে আলোচনা-সমালোচনার ঝড়। পার্বতীপুর উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মোঃ জিকরুল হক বলেন, আগামী ১৭ জানুয়ারি ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ইউনিয়নটির ৯ ওয়ার্ডে ভোটার সংখ্যা ১৮ হাজার ৫৫ জন। এর মধ্যে মহিলা ৯ হাজার ১৩৭ ও পুরুষ ৮ হাজার ৯১৮ জন। কেন্দ্র সংখ্যা ১০টি ও বুথ সংখ্যা ৪৮টি। মোস্তফাপুর ইউনিয়নের কয়েকটি ওয়ার্ড ঘুরে দেখা গেছে, প্রতিটি গ্রামে চেয়ারম্যান প্রার্থীদের পোষ্টারে পোষ্টারে ছেয়ে গেছে। এ উপ-নির্বাচনে ৬ জন চেয়ারম্যান প্রার্থী হলেন—নজমুল হক (প্রতীক-চশমা), মতিয়ার রহমান মতিন (মাইক), মাহবুব-উল-হক (আনারস), আক্কাস আলী প্রামানিক (তালা), ছাবেনুর আলম (দোয়াত কলম), ভবতোষ রায় নিখিল (কাপ-পিরিচ) প্রতীক।