রাঙ্গুনিয়ার কদমতলী ইউপি

দুই মেয়াদেও নির্বাচন হয়নি

আপডেট : ১০ জানুয়ারি ২০১৩, ২০:৫৪
দুই মেয়াদকাল অতিক্রান্তেও নির্বাচন অনুষ্ঠিত হয়নি চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়ন পরিষদের । দীর্ঘ সময় ধরে মেয়াদ উত্তীর্ণ পরিষদের হাতেই ন্যস্ত আছে ইউনিয়ন পরিচালনার ক্ষমতা। এক-এগার এর পট পরিবর্তনে যথাসময়ে ইউপি নির্বাচন অনুষ্ঠিত না হওয়ায় ইউনিয়ন পরিষদে নেতৃত্বে পরিবর্তন আসেনি। পরবর্তীতে গণতান্ত্রিক সরকার গঠনের পর ইউপি নির্বাচনের তফসীল ঘোষণা করা হলেও পৌরসভা রূপান্তরের প্রস্তাবের অজুহাতে চন্দ্রঘোনা কদমতলী ইউপি নির্বাচন স্থগিত ঘোষণা করা হয়। রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী অফিসার তানভির আজম সিদ্দিকী জানান, চন্দ্রঘোনাকে পৌরসভা রূপান্তরের ঘোষণা বাস্তবায়নের নিরিখে চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়নের পাঁচটি মৌজা নির্ধারিত করে ট্রেসম্যাপ, এলাকার জনসংখ্যা ও প্রয়োজনীয় অন্যান্য সকল তথ্য স্থানীয় সরকার প্রকৌশল বিভাগে পাঠানো হয়েছে।