চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মেদিনীপুর সীমান্ত হতে আবারো এক বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ। মঙ্গলবার রাতে রিপন হোসেনকে (২২) পুটিখালী ক্যাম্পের বিএসএফ ধরে নিয়ে যায়। সে উপজেলার হরিহরনগর গ্রামের সিরাজুল ইসলামরে ছেলে। এর আগে গত ১৫ দিনে তিন দফায় বিএসএফ একই সীমান্ত হতে আরো ৪ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে। বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবির চুয়াডাঙ্গাস্থ ৩৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গাজী আসাদুজ্জামান জানান, আটক রিপন ৪ দিন পূর্বে ভারতে অবৈধ অনুপ্রবেশ করে। মঙ্গলবার রাতে সে আবার চোরাইপথে ফিরে আসা কালে বিএসএফের হাতে আটক হয়। আটক রিপনকে উদ্ধারের জন্য বিজিবি’র পক্ষ হতে বিএসএফকে পত্র দেয়া হয়েছে বলে তিনি সাংবাদিকদের জানান।
