কুড়িগ্রামে প্রক্সি দিতে এসে যুবক গ্রেফতার

আপডেট : ৩০ এপ্রিল ২০১৯, ২০:৫৮

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় চলতি এইচএসসি পরীক্ষায় প্রক্সি (একজনের স্থলে অন্য জন) দিতে আসা বেলাল হোসেন নামে এক ছাত্রকে গ্রেফতার করেছে পুলিশ। ওই ছাত্র ফুলবাড়ী উপজেলার নওদাবশ গ্রামের জোবেদ হোসেনের ছেলে। মঙ্গলবার ফুলবাড়ী মহিলা ডিগ্রী কলেজের পরীক্ষা কেন্দ্রে ঘটনাটি ঘটে। 

ভাইস প্রিন্সিপাল আসাদুজ্জামান লিটু জানান, মঙ্গলবার এইচএসসি জীববিজ্ঞান, ব্যবসা সংগঠন ও পৌরনীতি সুশাসন পরীক্ষায় এই কেন্দ্রে ৪৬৪ জন পরীক্ষার্থী অংশ নেয়। পরীক্ষা চলাকালীন ১১নং কক্ষের পরিদর্শকের সন্দেহ হলে রেজিস্ট্রেশন কার্ডে ছবির সঙ্গে মিল না থাকায় পরীক্ষার্থী আশিক সরকারের পরিবর্তে প্রক্সি দিতে আসা যুবক বেলাল হোসেনকে আটক করা হয়। 

ফুলবাড়ী মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ গোলাম ওয়াদুদ জানান, অন্যের পরীক্ষা দিতে আসায় তাকে কক্ষ থেকে হাতেনাতে আটক করা হয়। পরে ফুলবাড়ী থানা মামলা দায়ের করে ওই ছাত্রকে পুলিশে সোপর্দ করা হয়েছে। 

আরও পড়ুন: ওরা বাবার বিচার চাইতে থানায় এসেছিল

ফুলবাড়ী থানার অফিসার ইনর্চাজ খন্দকার ফুয়াদ রুহানী জানান, ফুলবাড়ী মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ বাদী হয়ে আটক ছাত্রের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। 

ইত্তেফাক/অনি