সৌদি আরবে নিহত শাহজালালের লাশের প্রতীক্ষায় পরিবার

আপডেট : ১০ জানুয়ারি ২০১৩, ২১:২২
সৌদি আরবে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত শাহজালালের পরিবার দুর্বিষহ অবস্থায় জীবনযাপন করছেন। তার বৃদ্ধ পিতা-মাতা, স্ত্রী-সন্তান লাশের প্রতীক্ষায় দিন কাটাচ্ছেন। তাদের ইচ্ছা তার লাশ এক নজর দেখার। শাহজালালের নিহত হওয়ার সংবাদে তার পিতা আবুল হাশেম পাটোয়ারী ও মা বদরুননেছা বাকশক্তি হারিয়ে ফেলেছেন। তাদের দাবি আমার পুত্র শাহজালালের লাশ এক নজর দেখতে চাই। তার দাফন হবে পারিবারিক কবরস্থানে এটা তাদের শেষ ইচ্ছা। তার অবুঝ পুত্র ফাহিমের বয়স এক বছর। সে শুধু আব্বু আব্বু বলে ডাকে। সে জানে না তার পিতা আর কোনদিন তার ডাকে সাড়া দিবে না। শাহজালালও তার পুত্র ফাহিমের চেহারা দেখেননি। তিনি তার পুত্রের জন্মের আগে সৌদি আরব চলে যান। শাহজালালের বড় পুত্র মাহবুবের বয়স ৬ বছর। সে তার পিতাকে দেখেছে। তবে পুরোপুরি তার স্মরণ নেই। গত ৯ ডিসেম্বর তিনি সৌদি আরবের একটি হাসপাতালে মারা যান। এর আগে তিনি সৌদি আরবের সীমান্তবর্তী এলাকা মাফজীতে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন। তিনি মোটর সাইকেলে অফিসে যাওয়ার পথে একটি গাড়ির ধাক্কা খেয়ে রাস্তার পাশে পড়েছিলেন বেশ কয়েক ঘণ্টা। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়। সপ্তাহব্যাপী তিনি ইনটেনসিভ কেয়ার ইউনিটে থাকার পর ৯ ডিসেম্বর মারা যান। তার লাশ দেশে আনার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আত্মীয়-স্বজন যোগাযোগ করে যাচ্ছেন। একমাস অতিবাহিত হওয়ার পরও কোন সাড়া মিলেনি। ১২ বছর যাবত্ শাহজালাল সৌদি আরবে চাকরি করে আসছিলেন। তার বাড়ি চাঁদপুর জেলার কচুয়া উপজেলার সহদেবপুর গ্রামে।