চট্টগ্রামের পটিয়ায় পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, প্রীতিলতার আদর্শে সংগ্রাম করে স্বাধীনতা বিরোধীদের রুখতে হবে। মাত্র ২১ বছর বয়সে প্রীতিলতা যে স্বাধীনতার চেতনায় উজ্জীবিত হয়েছিলেন, তা আদর্শ হয়ে থাকবে। এত অল্প বয়সে দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়া অনেক বীরত্বের। তার আদর্শ নতুন প্রজন্ম ও নারীদের মাঝে ছড়িয়ে দিতে হবে। বাংলাদেশের সব অর্জনের ক্ষেত্রে আওয়ামী লীগ নেতৃত্ব দিয়ে আসছে। তারই ধারাবাহিকতায় দেশের উন্নয়ন ও অগ্রগতি ত্বরান্বিত করতে এবং স্বাধীনতা বিরোধী, সন্ত্রাস, জঙ্গীবাদ প্রতিহত করতে সরকারকে আরেকবার ক্ষমতায় আসা জরুরি। বুধবার উপজেলার ধলঘাট প্রীতিলতা প্রাইমারি স্কুল প্রাঙ্গণে কমপ্লেক্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রীতিলতা ট্রাস্টের সভাপতি পংকজ চক্রবর্তীর সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান বক্তা ছিলেন পটিয়ার এমপি সামসুল হক চৌধুরী। এতে বক্তব্য রাখেন ভারতীয় সহকারী হাইকমিশনার সোমনাথ বোস, ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত, উপজেলা নির্বাহী কর্মকর্তা রোকেয়া পারভীন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আকম শামসুজ্জামান, পটিয়া পৌর মেয়র হারুনুর রশিদ প্রমুখ।
এর আগে পররাষ্ট্রমন্ত্রী, ট্রাস্টের প্রীতিলতা কমপ্লেক্স ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং প্রীতিলতার আবক্ষ মূর্তিতে পুষ্পমাল্য অর্পণ করেন। তিনি ট্রাস্ট নির্মাণে সার্বিক সাহায্য-সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।
