ইছামতি নদী ভরাট বন্ধে হাইকোর্টের নির্দেশ

আপডেট : ১০ জানুয়ারি ২০১৩, ২১:২৩
পাবনার বেড়া উপজেলার ইছামতি নদী (হুড়াসাগর নদী) ও বরপিট জলাশয়ে মাটি ভরাট, জমি দখল এবং উন্নয়ন প্রকল্পের সকল কার্যক্রম বুধবার হাইকোর্ট আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বন্ধের নির্দেশ দিয়েছে। এক রিটের শুনানি শেষে বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদের ডিভিশন বেঞ্চ গতকাল এই আদেশ দেন। পাবনার জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার, বেড়া পৌরসভার মেয়র, বেড়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের দ্রুততম সময়ের মধ্যে উচ্চ আদালতের এই আদেশ বাস্তবায়ন করে দুই সপ্তাহের মধ্যে অগ্রগতি প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। এছাড়া ওই এলাকায় মাটি ভরাট, অবৈধ দখল এবং উন্নয়ন প্রকল্পের কাজ বন্ধে এবং ভরাটকৃত মাটি নিজ খরচে অপসারণে বেড়া পৌরসভার মেয়র, বেড়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীকে কেন নির্দেশ দেয়া হবে না তা জানতে চেয়ে হাইকোর্ট রুল জারি করেছে। সম্প্রতি একটি ইংরেজি দৈনিকে ‘ওয়েটল্যান্ড লিজড ফ্রম ডব্লিউডিবি বিং ফিল্ড আপ টু সেট আপ মার্কেট-পার্ক’ শিরোনামে একটি প্রকাশিত প্রতিবেদন হয়। এ প্রতিবেদনের ভিত্তিতে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে অ্যাডভোকেট আসাদুজ্জামান সিদ্দিকী হাইকোর্টে রিট করেন। রিটের পক্ষে অ্যাডভোকেট মনজিল মোরসেদ এবং রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. মোখলেসুর রহমান শুনানি করেন।